দেশে আগের তুলনায় খুনের ঘটনা কমে এসেছে : স্বরাষ্ট্র সচিব
Printed Edition
নারায়ণগঞ্জ প্রতিনিধি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি বলেছেন, দেশে আগের তুলনায় খুনের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। নাগরিকরা আগের মতোই নিরাপদ আছেন এবং সামগ্রিকভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, ৬২ বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো: মিজানুর রহমান মুন্সী, জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির এবং নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।
সিনিয়র সচিব বলেন, ‘আমাদের পরিসংখ্যান বলছে, বাংলাদেশে আগের সময়ে যে পরিমাণ খুন হতো, বর্তমানে তা অনেক কমে গেছে। মানুষ যতটা নিরাপদ ছিল, এখনো ততটাই নিরাপদ রয়েছে।’
সাম্প্রতিক সময়ে কয়েকটি হত্যাকাণ্ড নির্বাচন প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনই প্রভাব পড়বে কি-না তা বলা কঠিন। এটি নির্ভর করে কোন ঘটনা, কী প্রেক্ষাপটে ঘটেছে তার ওপর।’
ফায়ার সার্ভিসের ভূমিকার প্রশংসা করে নাসিমুল গণি বলেন, ‘জনগণের সেবায় ফায়ার সার্ভিস শতভাগ সফল হতে কাজ করছে। একটি ফোন কল পেলেই তারা দ্রুত সাড়া দেয়। এই বাহিনীকে আরো সক্ষম করে গড়ে তুলতে না পারলে সেটি সবার জন্যই ব্যর্থতা। এ ক্ষেত্রে সরকারের সদিচ্ছা রয়েছে এবং চেষ্টা অব্যাহত আছে।