সুদানে শিশুকেন্দ্রে আরএসএফের হামলায় নিহত ৪৭
Printed Edition
আলজাজিরা
সুদানের যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ কোরদোফানের কলোজি শহরে শিশুদের একটি কিন্ডারগার্টেনসহ একাধিক স্থানে র্যা পিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৪৭-এ দাঁড়িয়েছে। নিহতদের বেশিরভাগই শিশু। সরকারি বাহিনী সুদানিজ আর্মড ফোর্সেসের (এসএএফ) দুই কর্মকর্তা আলজাজিরাকে এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৫০ জনের মতো। গুরুতর কয়েকজনের অবস্থা শঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এসএএফের সূত্র জানায়, বৃহস্পতিবার আরএসএফ প্রথমে ওই কিন্ডারগার্টেনে হামলা চালায়। পরে লোকজন যখন উদ্ধার কাজে এগিয়ে আসে, তখন আবারো ড্রোন হামলা চালানো হয়। একই দিনে শহরের হাসপাতাল ও সরকারি ভবনেও বোমা নিক্ষেপ করা হয়।
সুদান ডক্টরস নেটওয়ার্কের প্রাথমিক তথ্যে জানানো হয়, আরএসএফ ও তাদের মিত্র সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট–নর্থ (আল-হিল্লু) যৌথভাবে ‘আত্মঘাতী ড্রোন হামলা’ চালায়। এতে কমপক্ষে ৯ জন নিহত হয়েছিল বলে প্রথমে নিশ্চিত হওয়া যায়, যাদের মধ্যে চারজন শিশু ও দুইজন নারী ছিলেন। সংগঠনটি বলেছে, এসব হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন এবং বেসামরিক জনগণকে টার্গেট করার ধারাবাহিকতার অংশ।
তৃতীয় বছরে গড়ানো সুদানের ভয়াবহ গৃহযুদ্ধে বেসামরিক লোকজনের ওপর আরএসএফের নৃশংসতা নতুন নয়। যদিও উভয় পক্ষের বিরুদ্ধেই বর্বরতার অভিযোগ রয়েছে।