গণশুনানিতে শিল্প সচিব
আমদানিকারকদের সুবিধার্থে ছুটির দিনেও চালু থাকবে বিএসটিআই সেবা
Printed Edition
আমদানিকৃত পণ্যের দ্রুত খালাস নিশ্চিত করতে এবং ব্যবসায়ীদের বন্দরে ড্যামারেজ (ক্ষতিপূরণ) থেকে রক্ষা করতে সাপ্তাহিক ছুটির দিনেও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সংশ্লিষ্ট সেবা চালু রাখার নির্দেশ দিয়েছেন শিল্প সচিব মো: ওবায়দুর রহমান। গতকাল রাজধানীর তেজগাঁওয়ের বিএসটিআই প্রধান কার্যালয়ে স্টেকহোল্ডার গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বিশেষ নির্দেশনা দেন। ব্যবসায়ীদের দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তের ফলে আমদানিকৃত পণ্যের দ্রুত ছাড়পত্র নিশ্চিত হবে এবং বন্দরে অপ্রয়োজনীয় ড্যামারেজ খরচ থেকে তারা রক্ষা পাবেন। পাশাপাশি সিটিজেন চার্টারে নির্ধারিত সময়ের চেয়েও কম সময়ে আমদানিকৃত পণ্যের ছাড়পত্র দেয়ার জন্য বিএসটিআই কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। শিল্প সচিব স্পষ্ট করেন যে, সরকার নিজে ব্যবসা করে না বরং ব্যবসায়ীদের প্রয়োজনীয় নীতি সহায়তা ও পরিবেশ তৈরি করে দেয়। দেশের উন্নয়নের গতি বজায় রাখতে ব্যবসায়ীদের যেকোনো সমস্যায় সরকার পাশে থাকবে। বিএসটিআই মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এম এ কামাল বিল্লাহর সভাপতিত্বে গণশুনানিতে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তাদের মধ্যে ছিল প্রাণ-আরএফএল গ্রুপ, স্কয়ার টয়লেট্রিজ, সিটি গ্রুপ, ওয়ালটন, এসিআই, পোলার আইসক্রিম, অলিম্পিক বেকারি অ্যান্ড কনফেকশনারি লিমিটেড, অলিম্পিয়া বেকারি, ট্রাস্ট ইনফিনিটি ফার্মস, পিয়ারলেস ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বিজ্ঞপ্তি।