ইআবির উদ্যোগে ১৪৫ কৃতী শিক্ষার্থী ও ১০০ শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড দেয়া হবে
Printed Edition
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেছেন, শিক্ষা, গবেষণা ও নৈতিক উৎকর্ষতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং অনন্য কৃতী শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান করা হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আগামী ৩০ জুন অনুষ্ঠিতব্য “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও অনন্য শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান-২০২৬” উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ বছর ১৪৫ জন কৃতী শিক্ষার্থী এবং ১০০টি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়েছে। অনুষ্ঠান সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি। সভায় প্রোভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, ট্রেজারার জনাব শাহীনুল ইসলাম, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন, প্রফেসর ড. মো: ইদ্রিস আলী, মাদরাসা পরিদর্শক (অতি: দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ গোলাম রব্বানী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব ফাহাদ আহমদ মোমতাজী, বিভিন্ন দফতরের পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।