তারেক রহমানের সাথে ভারত ও তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
Printed Edition
বিশেষ সংবাদদাতা
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
গতকাল শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেন। বিএনপির দলীয় ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
সেখানে দেখা যায়, বিকেলে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করছেন। এরপর তিনি তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতের সময় তারেক রহমানের সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন।
গতকাল শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিশেষভাবে তুরস্ক ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করার পাশাপাশি আগামী দিনে উন্নয়নমূলক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষই ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।