মুরাদনগরে বিষপানে মা-মেয়ের আত্মহত্যা

Printed Edition

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার মুরাদনগরে মানসিক যন্ত্রণা ও অভাবের তাড়নায় বিষ পান করে মা তার মেয়েকে নিয়ে আত্মহত্যা করেছেন। গত বুধবার দিবাগত রাত ৪টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ওই নারী আলীপুর গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে খাদিজা বেগম (৩০) ও তার মেয়ে রোকাইয়া (৫)। ঘটনার সময় মা ও মেয়ে ছাড়া তাদের ঘরে আর কেউ ছিল না বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, খাদিজা বেগমের প্রথম বিয়ের পর বেশি দিন সংসার টিকেনি। পরবর্তীতে একই উপজেলার কামল্লা গ্রামের হুমায়ুন কবিরের সাথে বিয়ে হয়। তাদের একটি মেয়ে সন্তান জন্মের কিছু দিন পরই খাদিজার স্বামী মারা যান। তার পর থেকে আলীপুর গ্রামে বাবার বাড়িতেই থাকতেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, স্বামীর মৃত্যুর পর থেকেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন খাদিজা। ঘটনার রাতে তিনি ও তার মেয়ে রোকাইয়া বিষ পান করেন। এক পর্যায়ে মেয়ে রোকাইয়া কান্নাকাটি শুরু করলে পাশের ঘর থেকে খাদিজার মা রাফিয়া বেগম দেখতে পান।