ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তার শর্ত রাশিয়ার সাথে শান্তি চুক্তি : যুক্তরাষ্ট্র

Printed Edition

রয়টার্স

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা পেতে ইউক্রেনকে অবশ্যই রাশিয়ার সাথে একটি শান্তি চুক্তি করতে হবে বলে কিইভকে বলেছে ওয়াশিংটন; এই বিষয়ে জ্ঞাত এক সূত্র রয়টার্সকে এমনটি জানিয়েছেন। ইউক্রেন ও রাশিয়ার চার বছর ধরে চলা যুদ্ধ শেষ করতে কোনো মীমাংসার জন্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তাকে মূল ভিত্তি বলে বিবেচনা করে ইউক্রেন। এই যুদ্ধ শেষ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে শুক্র ও শনিবার, দুই দিনের এক আলোচনা অনুষ্ঠিত হয়। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই আলোচনায় চুক্তির বিষয়ে অগ্রগতি হয়েছে।

ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে ইঙ্গিত দিয়েছে যে একটি শান্তি চুক্তির বিষয়ে কিইভের সম্মতির ওপর নির্ভর করছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা, যেখানে রাশিয়াকে দনবাস অঞ্চল ছেড়ে দেয়া প্রয়োজন হতে পারে। শান্তি চুক্তিতে কী থাকা উচিত যুক্তরাষ্ট্র তা ইউক্রেনকে বলছে না, তাই রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দিতে ওয়াশিংটন ইউক্রেনকে চাপ দেয়ার চেষ্টা করছে এমন ধারণা দেয়া বিভ্রান্তিকর।

রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা আগামী রোববার আবার আবুধাবিতে শান্তি আলোচনায় বসবেন, সেখানে সম্ভবত মার্কিন কর্মকর্তারাও থাকবেন। গত শনিবার আলোচনা থেকে ফিরে এসে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার শিগগিরই একটি চুক্তিতে পৌঁছানো যাবে বলে আশাবাদ প্রকাশ করেছেন। গত রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের একটি নিরাপত্তা নিশ্চয়তা শতভাগ প্রস্তুত আছে আর কিইভ এটি স্বাক্ষর করার জন্য একটি সময় ও স্থানের জন্য অপেক্ষা করছে। জেলেনস্কি ধারাবাহিকভাবে বলে আসছেন যে যুদ্ধ শেষ করতে যেকোনো শান্তি চুক্তিতে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা অবশ্যই বজায় রাখতে হবে। ইউক্রেনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ওয়াশিংটন নিরাপত্তা নিশ্চয়তা দেবে কি না, ইউক্রেন তা নিয়ে ক্রমে অনিশ্চিত হয়ে পড়ছে।