ইনজুরিতে বিশ্বকাপ শেষ আজিয়েমাংয়ের

Printed Edition

ক্রীড়া ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় দলের স্ট্রাইকার প্যাট্রিক আজিয়েমাং গুরুতর অ্যাকিলিস টেন্ডন ইনজুরিতে পড়ায় আসন্ন ফিফা বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব ডার্বি কাউন্টি।

সোমবার ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলতে নেমে দুর্ঘটনাটি ঘটে। ম্যাচ চলাকালে বুক দিয়ে বল নিয়ন্ত্রণ করতে গিয়ে অস্বাভাবিকভাবে মাটিতে অবতরণ করেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। সাথে সাথে মাঠে লুটিয়ে পড়েন এবং পরে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেয়া হয়। এ সময় তাকে বেশ আবেগপ্রবণ দেখাচ্ছিল এবং তার পা ব্যান্ডেজ করা ছিল।

ক্লাব এক বিবৃতিতে জানায়, ‘প্যাট্রিকের সুস্থতার জন্য সর্বোচ্চ মানের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা হবে।’ তবে তার চোট থেকে ফিরতে কত সময় লাগবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা দেয়া হয়নি। একই সাথে নিশ্চিত করা হয়েছে, এই চোটের কারণে তিনি আসন্ন গ্রীষ্মের বিশ্বকাপে খেলতে পারবেন না।

চলতি মৌসুমে মেজর লিগ সকারের শার্লট এফসি থেকে ডার্বিতে যোগ দেয়ার পর থেকেই দারুণ পারফরম্যান্স করে আসছিলেন আজিয়েমাং। এখন পর্যন্ত ১০ গোল করে দলকে প্রমোশন লড়াইয়ে এগিয়ে নিতে বড় ভূমিকা রেখেছেন তিনি।

জাতীয় দলের হয়েও সাম্প্রতিক সময়ে ভালো ছন্দে ছিলেন। সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে বেলজিয়ামের বিপক্ষে গোল করেন এবং পর্তুগালের বিপক্ষেও খেলেন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে ১৪ ম্যাচে ৬ গোল করেছেন এই ফরোয়ার্ড। কোচ মারিও পচেত্তিনোকে ১ জুনের মধ্যে বিশ্বকাপ দল ঘোষণা করতে হবে।