ঘুষ নিলে চাকরি নয়, ভিক্ষা করতে হবে

মেহেরপুরের ডিসি

Printed Edition

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা

মেহেরপুর জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির বলেছেন, ‘চব্বিশ-পরবর্তী সময়ে ঘুষ কল্পনাও করা যাবে না। কোনো সরকারি কর্মকর্তা ঘুষ নিতে চাইলে চাকরি না করে থালা হাতে রাস্তায় ভিক্ষা করুন।’ গত সোমবার দুপুরে গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত সুধী সমাবেশে তিনি এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের গত শত বছরের মোড় পরিবর্তনের নির্বাচন হতে যাচ্ছে। পূর্বের তিনটি নির্বাচনে তরুণরা ভোট দিতে না পারলেও এবার ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে নির্বিঘেœ ভোটদান নিশ্চিত করা হবে। জোরজবরদস্তি, কারচুপি বা বিভ্রান্তি সৃষ্টির কোনো সুযোগ দেয়া হবে না।

গুজব ও অপপ্রচার সম্পর্কে সতর্ক করে ডিসি বলেন, ‘মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও ব্যাড ইনফরমেশন, এই তিন ধরনের ভ্রান্ত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে। যাচাই ছাড়া কেউ যেন কোনো তথ্য শেয়ার না করেন।’ তিনি জানান, গুজব শনাক্তে নির্বাচন কমিশন ইতোমধ্যে কাজ শুরু করেছে।

মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মাদকের হটস্পটগুলো চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে।

এ ছাড়া বাল্যবিবাহ প্রতিরোধ, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল নিয়ন্ত্রণ, কৃষকদের সার সঙ্কট নিরসনসহ গাংনীর উন্নয়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয়েও তিনি দিকনির্দেশনা দেন। জেলার চাহিদা বিবেচনায় অতিরিক্ত সার বরাদ্দ পাওয়া গেছে বলেও জানান তিনি।