ট্রফি পুনরুদ্ধার ইন্টারের
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ইতালিয়ান সিরি ‘আ’তে সান সিরোয় গত পরশু ম্যাচ শুরুর আগে থেকেই উদযাপনের প্রস্তুতি নেয়া ছিল। মাঠের বাইরেও ছিল উৎসবের আবহ। শিরোপা পুনরুদ্ধারের জন্য মাত্র ১ পয়েন্টের প্রয়োজন ছিল ইন্টার মিলানের। শেষ পর্যন্ত ১ পয়েন্ট নয়, পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল দলটি। এই আনুষ্ঠানিকতাটুকু পার্মাকে ২-০ গোলে হারিয়ে সেরে নিয়েছে ইন্টার মিলান। এই জয়ে ৩৫ ম্যাচে ২৬ জয় ও চার ড্রয়ে ৮২ পয়েন্ট দলটির। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে গতবারের চ্যাম্পিয়ন নাপোলি। আর নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান ৬৭ পয়েন্ট নিয়ে আছে তিনে। চতুর্থ স্থানে ৬৫ পয়েন্ট নিয়ে এই আসরের রেকর্ড চ্যাম্পিয়ন জুভেন্টাস। ৪২ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে পার্মা। ইন্টারের শিরোপা উৎসবের দিনে হেরেছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান। ১০ জনের দলকে ২-০তে হারিয়েছে সাসুওলো। অপর ম্যাচে নিজেদের মাঠে ভেরোনার বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে জুভেন্টাস।
সান সিরোয় প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে মার্কাস থুরামের দারুণ সাইড-ফুট ফিনিশিংয়ে করা গোলে এগিয়ে যায় ইন্টার। ৮০ মিনিটে গোল করে দলের শিরোপা নিশ্চিত করেন হেনরিখ মেখিতারিয়ান। ঘরের মাঠ পাওয়া এই জয়ে তিন ম্যাচ হাতে রেখে বর্তমান চ্যাম্পিয়ন নাপোলির চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে গেল ইন্টার। ইতালির শীর্ষ লিগের দ্বিতীয় সফলতম দল ইন্টারের এটি ২১তম শিরোপা। রেকর্ড ৩৬টি শিরোপা নিয়ে সবার ওপরে জুভেন্টাস। ১৯ শিরোপা নিয়ে তিনে এসি মিলান।
স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের জয়ে শিরোপা উৎসবে অপেক্ষা বেড়ে গেল বার্সেলোনার। তবে লিগ শিরোপা পুনরুদ্ধারের আশা মোটামুটি শেষই হয়ে গেছে লস ব্লাঙ্কোসদের। এর পরও ক্ষীণ আশাকে আঁকড়ে ধরে গত পরশু জয় নিয়ে মাঠ ছেড়েছে আলভারো আরবেলোয়ার দল। ভিনিসিয়াস জুনিয়রের দুই গোলের সুবাদে এস্পানিওলকে ২-০তে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। আর এই জয়ে ৩৪ ম্যাচে ২৪ জয় ও পাঁচ ড্রয়ে ৭৭ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে বার্নাব্যুর দলটি। সমান ম্যাচে ১১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা। আগামী সপ্তাহে এই দুই দলের ‘এল ক্ল¬াসিকো’ লড়াইয়ে হার এড়ালেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার। ৩৪ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে এস্পানিওল।
এদিকে ইংলিশ লিগে লিভারপুলকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২ বছর পর তাদের এ সুযোগ।