লালবাগে পূর্বশত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর লালবাগের শহীদ নগর ২ নম্বর গেট এলাকায় পূর্বশত্রুতার জেরে হোসেন (২৪) নামে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি একটি চুড়ি কারখানায় কাজ করতেন। গতকাল গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত হোসেন শহীদ নগর ২ নম্বর গলিতে ভাড়া থাকতেন। তিনি মাদারীপুরের শাহ আলমের ছেলে।
বোন সুরাইয়া জানান, হোসেন একটি চুড়ি কারখানায় কাজ করত। সোমবার আবির ও নীরবের মধ্যে একটা লাঠি নিয়ে ঝগড়া হয়। আবির এলাকায় রোকসানার পোলা নামে পরিচিত। আমার ভাই তাদের মধ্যে ঝগড়া মিটিয়ে দেয়ার চেষ্টা করে। এই ঘটনা নিয়ে আবির অনেক ক্ষিপ্ত হয় এবং রাতে তার কাছে আমার ভাই হোসেন মাফ চায়। পরে মঙ্গলবার বিকেলে আবির আমার ভাইকে গলিতে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে বুকে ও পেটে এলোপাতাড়ি আঘাত করে। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক জানান সে আর বেঁচে নেই।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলী বলেন, ছুরিকাঘাতে এক যুবককে হত্যার খবর পেয়েছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এই ঘটনায় যেই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনা হবে।
এদিকে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ তিন রাস্তার মোড় এলাকায় ইব্রাহীম হোসেন জুয়েল (৩৫) নামে এক টায়ার ও ব্যাটারির ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা, মোবাইল ফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা। সোমবার রাতে এ ঘটনা ঘটে। আহতের ভাই সোহেল জানিয়েছেন, জুয়েলের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ১০-১২ জন (দেশীয় অস্ত্র) রামদা, চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে সাথে থাকা দু’টি মোবাইল ফোন ও সাইট ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ১১টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।