চুয়াডাঙ্গা প্রশাসনে নতুন নজির

ডিসিসহ ৪ ইউএনও নারী

Printed Edition

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

চুয়াডাঙ্গার প্রশাসনিক ইতিহাসে প্রথমবারের মতো জেলা প্রশাসক (ডিসি) এবং জেলার চার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সব পদেই দায়িত্ব পালন করছেন নারী কর্মকর্তা। সম্প্রতি দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে এ ব্যতিক্রমী নজির সৃষ্টি হয়েছে।

বর্তমানে জেলার জেলা প্রশাসকের দায়িত্বে রয়েছেন লুৎফুন নাহার, যিনি চুয়াডাঙ্গার দ্বিতীয় নারী ডিসি। তার নেতৃত্বে চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর, চার উপজেলার ইউএনও পদেও দায়িত্ব পালন করছেন নারী কর্মকর্তারা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে গত ২ এপ্রিল বিসিএস ২৭তম ব্যাচের কর্মকর্তা লুৎফুন নাহার জেলার ৩০তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন।

বর্তমানে সদর উপজেলার ইউএনও তিথি মিত্র, আলমডাঙ্গায় শাহীনুর আক্তার, দামুড়হুদায় লাভলী ইয়াসমিন এবং জীবননগরে সুমাইয়া সুলতানা অ্যানি দায়িত্ব পালন করছেন।

জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, নারীরা এখন বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব দক্ষতার সাথে পালন করছেন। তবে প্রশাসনে সফলতার মূল বিষয় নারী-পুরুষ নয়, বরং দক্ষতা, দায়িত্ববোধ ও আন্তরিকতা।

প্রশাসনের সংশ্লিষ্টদের মতে, চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক ও চার ইউএনও পদে একযোগে নারী কর্মকর্তাদের দায়িত্ব পালন প্রশাসনে নারীর অংশগ্রহণ ও নেতৃত্বের সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।