হোসেনপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে প্রবাসীর ছেলে নিহত
Printed Edition
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের হোসেনপুরে তুচ্ছ ঘটনার জেরে মাদকসেবীর ছুরিকাঘাতে মো: শুভ মিয়া (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। সে একই এলাকার সৌদি প্রবাসী সাদিকুল ইসলামের একমাত্র ছেলে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বলিয়াচর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, ওই দিন তারাবির নামাজের পর একই এলাকার নুরু মিয়ার ছেলে রিয়াদ (২২), আব্দুস সালামের ছেলে নাঈম মিয়া (২১) ও বকুল মিয়ার ছেলে আরমানসহ অজ্ঞাত নামা ৮-১০ জন মাদকসেবী হঠাৎ নিহতের ঘরের টিনের চালায় ইট পাটকেল নিক্ষেপ ও ঘরের বেড়া ভাঙচুর করে। এ সময় শুভ মিয়া ঘর থেকে বের হয়ে তাদের বাধা দিলে রিয়াদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে গলায় ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লিমন বোস জানান, শুভর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িতদের গ্রেফতারে আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছেন পুলিশ।