বিশ্বজুড়ে বলপ্রয়োগের শাসনের উত্থান নিয়ে সতর্ক করলেন গুতেরেস

Printed Edition

এএফপি

জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের কারণে বৈশ্বিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। তিনি অভিযোগ করেন, বিশ্বের প্রভাবশালী নেতারাই এই পরিস্থিতির নেতৃত্ব দিচ্ছেন। গতকাল সোমবার জেনেভায় জাতিসঙ্ঘ মানবাধিকার কাউন্সিলের উদ্বোধন অনুষ্ঠানে গুতেরেস বলেন, বলপ্রয়োগের মাধ্যমে আইনের শাসনকে কুক্ষিগত করা হচ্ছে। এটি হঠাৎ বা অপ্রত্যাশিতভাবে ঘটছে না, বরং সবচেয়ে ক্ষমতাধরদের হাতেই এ প্রবণতা পরিচালিত হচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, এ ধরনের শাসনব্যবস্থা আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। গুতেরেস ইউক্রেনে রাশিয়ার অব্যাহত যুদ্ধের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, চার বছর চলা যুদ্ধে ১৫ হাজারের বেশি বেসামরিক লোক নিহত হয়েছেন। একই সাথে তিনি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার, মানবিক মর্যাদা এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘনের কথা তুলে ধরেছেন। এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় এটি ঘটতে দিতে পারে না বলে মত দেন তিনি। গুতেরেস বলেন, সবচেয়ে বেশি সঙ্ঘাত-বিধ্বস্ত অঞ্চলগুলো কেবল অধিকার ক্ষুণœ করছে না। বিশ্বজুড়ে কৌশলগতভাবে এবং কখনো গর্বের সাথে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে।

জাতিসঙ্ঘের মহাসচিব বলেন, আমরা এমন একটি পৃথিবীতে বাস করছি, যেখানে ব্যাপক দুর্ভোগকে অজুহাত দেওয়া হচ্ছে। যেখানে মানুষকে দর কষাকষির সরঞ্জাম হিসেবে ব্যবহার করা হচ্ছে, যেখানে আন্তর্জাতিক আইনকে কেবল অসুবিধা হিসাবে বিবেচনা করা হচ্ছে। তিনি মনে করে দেন, যখন মানবাধিকার পড়ে যায়, তখন সবকিছুই ভেঙে পড়ে। বিশ্বজুড়ে জলবায়ু বিরূপ প্রভাব, কৃত্রিম বুদ্ধিমত্তা বৈষম্যকে আরো গভীর করে তুলছে বলে এবং প্রান্তিক মানুষকে অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই বৈষম্যের নতুন রূপের মুখোমুখি করছে বলে দাবি করেন তিনি। জাতিসঙ্ঘ প্রধান এই প্রবণতা বিপরীত করার জন্য জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।