ইউরোপের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী নির্মাণের ঘোষণা ম্যাক্রোঁর
Printed Edition
আনাদোলু এজেন্সি ও রয়টার্স
দেশের নৌবাহিনীকে শক্তিশালী করতে নতুন বিমানবাহী জাহাজ নির্মাণের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ। গত রোববার আবুধাবির একটি সামরিক ঘাঁটিতে ফরাসি সেনাদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এই ঘোষণা দেন।
তিনি বলেন, ‘অন্যে ভয় পায় এমন শক্তিশালী হতে হবে, বিশেষ করে সমুদ্রে। সেজন্য সামরিক কার্যক্রম পর্যালোচনার পর সিদ্ধান্ত নিয়েছি, ফ্রান্সকে একটি নতুন বিমানবাহী জাহাজে সজ্জিত করা হবে।’ মাক্রোঁ উল্লেখ করেন, এই প্রকল্পটি চলতি সপ্তাহেই চালু করা হবে। নতুন বিমানবাহী জাহাজটি বর্তমান চার্লস দে গল জাহাজের স্থলাভিষিক্ত হবে ২০৩০-এর দশকের শেষ দিকে। তিনি আরো বলেন, নতুন বিমানবাহী জাহাজটি দেশের শক্তি, শিল্প ও প্রযুক্তির ক্ষমতার প্রতীক হবে, যা স্বাধীনতার সেবায় থাকবে এবং বর্তমান অস্থিরতায় সমুদ্রের নিরাপত্তা নিশ্চিত করবে। ‘পোর্টে-অ্যাভিয়নস নুভেল জেনারেশন’ নামে এ প্রকল্পটির জন্য প্রায় ১২ বিলিয়ন ডলার খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। রণতরীটি হবে ইউরোপে নির্মিত সর্ববৃহৎ যুদ্ধজাহাজ। এটি ফ্রান্সের নিউক্লিয়ার প্রতিরক্ষা ক্ষমতার মূল ভিত্তি হওয়ার পাশাপাশি ইউরোপের নিরাপত্তা নিশ্চিতের প্রচেষ্টার কেন্দ্রবিন্দু হিসেবেও কাজ করবে। প্রেসিডেন্ট মাক্রোঁ আরব আমিরাতে গিয়ে ফরাসি সেনাদের সাথে ক্রিসমাস উদযাপন ও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন।