তরঙ্গ নিলামের উপযুক্ত সময় এখনই নয় : রবি সিইও
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
৭০০ মেগাহার্জ স্পেক্ট্রাম অকশন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না রবি আজিয়াটার সিইও জিয়াদ সিতারা। তবে নির্বাচনের ডামাডোলে তরঙ্গ নিলামের এখনই উপযুক্ত সময় নয় বলে মনে করেন তিনি। নতুন দায়িত্ব গ্রহণের আড়াই মাসের মাথায় গতকাল বৃহস্পতিবার রবির গুলশান কার্যালয়ে রবির সিইও প্রথমবারের মতো এক সংবাদ সম্মেলনে এমনটাই অভিব্যক্তি প্রকাশ করেন। এ সময় রবির সিনিয়র পরিচালক অনামিকা ভক্তসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জিয়াদ সিতারা জানান, গ্রাহকদের মানসম্মত সেবা নিশ্চিতে চলতি বছর দুই হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে রবি। বিনিয়োগ সুরায় তারা এখন নীতিমালার ধারাবাহিকতা ও নিশ্চিয়তা চান। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রবি সিইও বলেন, জানুয়ারিতে অকশন। এ বিষয়ে রবি মনে করে, নির্বাচনের আগে স্পেক্ট্রাম অকশন হওয়া উচিত নয়। অকশন মানেই বিনিয়োগ। বিনিয়োগের জন্য এখনই উপযুক্ত সময় নয়। নির্বাচনের পর অন্তর্বর্তীকালীন সরকারের পরিবর্তে একটি দীর্ঘ মেয়াদি সরকার এলে এটি আরো গতি পেত। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন একটা ট্রানজিশনাল সময় চলছে। বিনিয়োগকারীরা নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আমার মতে, এখন বিনিয়োগের উপযুক্ত সময় নয়। নির্বাচনের পর অর্থনীতি ঘুরে দাঁড়াবে এটিই প্রত্যাশা।
এ সময় সম্পূরক প্রশ্নের জবাবে রবি আজিয়াটার কোম্পানি সচিব ও চিফ করপোরেট অফিসার সাহেদ আলম বলেন, টেলিকম লাইসেন্স নীতিমালা পরিবর্তনের আগে ২০১৮ সালের গাইড লাইন রিভিউ করা দরকার ছিল। প্রতি বছর মোট ব্যয়ের ৩০ শতাংশই প্রযুক্তি উন্নয়নে ব্যয় করতে হয়। লাইসেন্স নীতিমালায় আরোপিত প্রতিবন্ধকতা টেলিকম ব্যবসাকে বাধাগ্রস্ত করবে। টেলিকম নীতিমালা ও নির্দেশনা সাংঘর্ষিক। সময়ে সময়ে পরিবর্তন হওয়ার কারণে বিনিয়োগ ঝুঁকিতে পড়ে। সঙ্কট সমাধানে একটি সময়োপযোগী দীর্ঘমেয়াদি নীতিমালা দরকার। এ সময় ১৫ শতাংশের বেশি বিদেশী বিনিয়োগ থাকা যাবে না এমন সিদ্ধান্তই ঝুঁকিপূর্ণ বলে মনে করেন তিনি।
জুলাই আন্দোলনে কোনো ব্যাখ্যা ছাড়া ইন্টারনেট বন্ধ রাখার প্রশ্নে চিফ করপোরেট অফিসার সাহেদ আলম বলেন, ২০২৪-এর জুলাই বিপ্লবের পর আইন সংশোধনের উদ্যোগ নেয়ার কথা বলা হয়েছে। আমরা জবাবদিহিতার সুযোগ রাখার দাবি জানিয়েছি। আইন করে জবাবদিহি নিশ্চিত হবে এটিইি রবির প্রত্যাশা। নিয়ন্ত্রক সংস্থা হোয়াটসঅ্যাপ বা ফোনে নির্দেশনা দেবে এটা কাম্য নয়। যেকোনো নির্দেশনা ফরমালি হওয়া উচিত।