নয়া দিগন্তে প্রতিবেদন প্রকাশ

সোনারগাঁওয়ে অবৈধ মেলা উচ্ছেদ

Printed Edition

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর বালুর মাঠে অবৈধভাবে বিজয়মেলা অবশেষে বন্ধ করল উপজেলা প্রশাসন। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এ মেলা উচ্ছেদ করা হয়। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসিফ আল জিনাতের নেতৃত্বে উপজেলা প্রশাসন মেলা উচ্ছেদ করে। উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (কাঁচপুর সার্কেল) ফাইরুজ তাসনিম, সোনারগাঁও থানার ওসি মো: মহিবুল্লাহ, সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো: রাশেদুল হাসান খানসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ।

দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় গতকাল রোববার সোনারগাঁওয়ে অনুমোদন না নিয়েই বিজয়মেলা শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসার পর অবৈধ মেলা উচ্ছেদ অভিযানে নামে।

এদিকে বিজয় মেলার নামে কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হক রুমির ছোট ভাই সুমন হক ও ভাতিজা আকাশ হক এ মেলার আয়োজন করেন বলে স্থানীয়রা অভিযোগ করেন। এ মেলার আড়ালে মাদক কারবার, জুয়া ও অশ্লীল নৃত্যসহ বেআইনি কর্মকাণ্ড পরিচালিত হয়। এসব অবৈধ কর্মকাণ্ডে মেলা থেকে হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ অর্থ। গত শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া মেলায় জুয়াড়ি, মাদক কারবারি ও মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায়। এতে করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সোনারগাঁও থানার ওসি মো: মহিবুল্লাহ বলেন, জেলা প্রশাসনের অনুমোদন ছাড়া মেলার আয়োজন করায় মেলাটি অবৈধ। অবৈধভাবে লোকসমাগম করার অধিকার কারো নেই। এ ছাড়াও মেলায় মাদক বেচাকেনা ও জুয়ার বোর্ড বসানোর অভিযোগ রয়েছে। ফলে মেলাটি উচ্ছেদ করা হয়।

সোনারগাঁও নির্বাহী অফিসার আসিফ আল জিনাত জানান, এ অবৈধ মেলা বসানোর অনুমতি দেয়া হয়নি। আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তফসিল ঘোষণার পর কোনো প্রকার জমায়েত করার সুযোগ নেই। তাই অবৈধ মেলা উচ্ছেদ করা হয়েছে।