বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী ২ জন : মোট প্রার্থী ৮
ইকবাল হোসেন তাপসের বিরুদ্ধে দু’টি এবং গোলাম কিবরিয়া টিপুর বিরুদ্ধে রয়েছে হত্যাসহ মোট ১১টি মামলা
Printed Edition
আযাদ আলাউদ্দীন বরিশাল ব্যুরো
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে জাতীয় পার্টি থেকে প্রার্থী হয়েছেন দুইজন। এদের একজন দলের প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু ও অন্যজন চেয়ারম্যানের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। একই দল থেকে দুইজন প্রার্থী হওয়ায় নেপথ্যের কারণ জানতে চাইছেন স্থানীয় ভোটাররা।
নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা বিশ্লেষণে দেখা যায়, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বিএসসি পাস এবং গোলাম কিবরিয়া টিপুও স্নাতক। উভয়ের পেশা ব্যবসা হলেও একাধিক মামলা রয়েছে উভয় প্রার্থীর নামে। ইকবাল হোসেন তাপসের বিরুদ্ধে দু’টি এবং গোলাম কিবরিয়া টিপুর বিরুদ্ধে রয়েছে হত্যা মামলাসহ মোট ১১টি মামলা।
গোলাম কিবরিয়া টিপু বর্তমানে একটি রাজনৈতিক মামলায় জেলহাজতে রয়েছেন। তার পক্ষে মনোনয়নপত্র জমা থেকে শুরু করে অন্যান্য নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন তার মেয়ে হাবিবা কিবরিয়া। গোলাম কিবরিয়া টিপুর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ ওঠায় সেটির সমাধান হয়েছে বলে জানান হাবিবা।
হলফনামা অনুযায়ী গোলাম কিবরিয়া টিপুর কাছে নগদ অর্থ রয়েছে ৭১ লাখ ৫৪ হাজার ৩৯৭ টাকা। তার স্ত্রীর কাছে রয়েছে ৫৫ লাখ ৬৫ হাজার ৫৫৮ টাকা। কৃষিজমি, অ্যাপার্টমেন্ট ও ব্যাংকে জমা অর্থসহ তার মোট ঘোষিত সম্পদের পরিমাণ ৫৭ কোটি ৭২ লাখ ৭০৩ টাকা। এ ছাড়া তার স্ত্রীর নামে রয়েছে ছয় কোটি ৯২ লাখ পাঁচ হাজার ৮৮৪ টাকা মূল্যের সম্পদ। স্বর্ণের হিসেবে তার কাছে রয়েছে ১৫০ ভরি এবং তার স্ত্রীর কাছে রয়েছে আরো ৫০ ভরি স্বর্ণ।
অন্যদিকে ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসের নগদ অর্থের পরিমাণ দুই কোটি ১১ লাখ ৮৪ হাজার ৪৫৬ টাকা এবং তার স্ত্রীর কাছে রয়েছে ৭ লাখ ৫৬ হাজার ৭৩৫ টাকা। কৃষিজমি, অ্যাপার্টমেন্ট ও ব্যাংকে জমাসহ তার মোট সম্পদের পরিমাণ ৩ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ১২৫ টাকা এবং তার স্ত্রীর নামে রয়েছে ১০ লাখ ৭৪ হাজার ৬৬৮ টাকা মূল্যের সম্পদ। স্বর্ণের হিসেবে তার কাছে রয়েছে ৬০ ভরি এবং তার স্ত্রীর কাছে রয়েছে আরো ২০ ভরি স্বর্ণ।
জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বলেন, বরিশাল-৩ আসনে বিগত নির্বাচনে জাতীয় পার্টি থেকে একাধিকবার এমপি নির্বাচিত হয়েছেন গোলাম কিবরিয়া টিপু। এবার তিনি জেলে থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। একাধিক রাজনৈতিক মামলাও রয়েছে তার বিরুদ্ধে। সেকারণে দলের নির্দেশে বিকল্প প্রার্থী হিসেবে আমিও মনোনয়নপত্র জমা দিয়েছি এবং টিকে গেছি। দলের নির্দেশ পেলে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে পারি। কারণ জাতীয় পার্টির জন্য নির্বাচনের কোনো পরিবেশ নেই।
উল্লেখ্য, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপি জোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১২ দলীয় জোট থেকে নির্বাচন করছেন এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ আসনে মোট প্রার্থী রয়েছেন আটজন।