বিপিএলের উদ্বোধনী ম্যাচে নবাগত নোয়াখালী
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চলতি মাসের ২৬ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সিলেট পর্ব দিয়ে শুরু হবে এবারের আসর। বিপিএলের এটি ১২তম আসর। উদ্বোধনী দিনে মাঠে গড়াবে দু’টি ম্যাচ। প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে খেলবে বিপিএলের নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস। এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। সিলেট পর্ব শেষে চট্টগ্রামে, এরপর ঢাকা। ২৩ জানুয়ারি সন্ধ্যা ৭টায় ফাইনালের মধ্য দিয়ে এবারের বিপিএলে ৩৪টি ম্যাচের সমাপ্তি ঘটবে।
এবারের আসরে অংশ নিচ্ছে ছয় দল। ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও নবাগত নোয়াখালী এক্সপ্রেস। বিপিএলের প্লে-অফের সূচিও চূড়ান্ত হয়ে গেছে। ১৯ জানুয়ারি একই দিনে হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার ২১ জানুয়ারি। বৃষ্টির কথা মাথায় রেখে টুর্নামেন্টের নাটকীয়তা যেন নষ্ট না হয়, সে জন্য রাখা হয়েছে রিজার্ভ ডেও।