মান্না নাকি মীর শাহে আলম

বগুড়া-২ আসনে বিএনপির প্রার্থী নিয়ে নেতাকর্মীদের মধ্যে ধোঁয়াশা

Printed Edition

বগুড়া অফিস

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী কে হচ্ছেন, এ প্রশ্নে এখনো ধোঁয়াশায় রয়েছেন দলের নেতাকর্মীরা। বিএনপির দ্বিতীয় দফা প্রার্থী তালিকাতেও এ আসনে কাউকে ঘোষণা না করায় অনিশ্চয়তা আরো বেড়েছে। এদিকে নির্বাচনী জোটভুক্ত নাগরিক ঐক্যের সভাপতি ও চাকসু-ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নাকে জোটের প্রার্থী হিসেবে ঘোষণার গুঞ্জন শোনা গেলেও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে দলীয় সূত্র জানিয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া জেলার সাতটি আসনের মধ্যে ছয়টিতে বিএনপি প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে। এর মধ্যে বগুড়া-৭ আসনে বেগম খালেদা জিয়া এবং বগুড়া-৬ আসনে তারেক রহমানের নাম ঘোষণার পর নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। অপরদিকে জামায়াতে ইসলামী সাতটি আসনেই প্রার্থী ঘোষণা করেছে। বগুড়া-২ আসনে দলটির সাবেক সংসদ সদস্য (পঞ্চম সংসদ) মাওলানা শাহাদাতুজ্জামান মনোনয়ন পাওয়ার পর থেকেই প্রচারণায় সক্রিয় রয়েছেন।

বিএনপির স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া-২ আসনে একাধিক নেতা মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে প্রথম ও দ্বিতীয় তালিকায় কারো নাম না থাকায় তারা হতাশ। ফলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও প্রার্থী না পেয়ে দিকনির্দেশনাহীন অবস্থায় রয়েছেন।

গত সপ্তাহে ঢাকায় তারেক রহমানের সাথে শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতাদের একটি ভার্চুয়াল বৈঠক হয়। বৈঠকে মীর শাহে আলমকে বিজয়ী করতে আহ্বান জানানো হয়েছে, এমন দাবি শোনা গেলেও এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্নাকে জোটের প্রার্থী হিসেবে ঘোষণার প্রত্যাশা করছেন তার সমর্থকরা। মান্না নিজেও আশাবাদী হলেও বিএনপির পক্ষ থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।