জলবায়ু ট্রাস্টের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা হবে : মন্ত্রী

Printed Edition
3rd-7
পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সাথে জাতিসঙ্ঘের সংস্থা এফএও প্রতিনিধি জিয়াওকুল শি সাক্ষাৎ করেন : পিআইডি

নিজস্ব প্রতিবেদক

জলবায়ু ট্রাস্টের কার্যক্রমে এবং ট্রাস্ট ফান্ড থেকে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

গতকাল জাতীয় সংসদের এ. এম মাহবুব উদ্দিন খোকনের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ কথা জানান। মন্ত্রী জানান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ২০২৫ সালের ৪ নভেম্বর জলবায়ু পরিবর্তন তহবিলের অর্থায়নে প্রকল্প গ্রহণে গত ১৪ বছরে ২১১০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে একটি প্রতিবেদন প্রকাশ করে, যা বর্তমানে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে। দুদকের চাহিদা অনুযায়ী ২০০৯-১০ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত গৃহীত প্রকল্পের সব তথ্য ট্রাস্ট থেকে সরবরাহ করা হয়েছে। তিনি বলেন, স্বচ্ছতা নিশ্চিতে ট্রাস্ট ফান্ডের আওতায় গৃহীত প্রকল্পগুলোকে পরিকল্পনা বিভাগের পিপিএস সফটওয়্যারের মাধ্যমে অনলাইন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার কাজ চলমান রয়েছে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত এলাকাকে অগ্রাধিকার দিয়ে প্রকল্প বাছাইয়ের জন্য গাইডলাইন প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি প্রকল্প যাচাই-বাছাই জোরদারে ১২ সদস্যের কারিগরি সাব-কমিটি গঠন করা হয়েছে।