ন্যাটো মহাসচিবের সাথে এরদোগানের ফোনালাপ

Printed Edition

আনাদোলু

মধ্যপ্রাচ্যে চলমান সঙ্ঘাত ও উত্তেজনা নিরসনে স্থায়ী শান্তির জন্য কূটনৈতিক প্রচেষ্টাকে সুযোগ দেয়ার ওপর জোর দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। সোমবার ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাথে এক ফোনালাপে তিনি এই আহ্বান জানান। এ সময় তারা ন্যাটো জোটের বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

তুরস্কের যোগাযোগ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট এরদোগান ন্যাটো মহাসচিবকে বলেছেন যে, আঙ্কারা এই অঞ্চলের সঙ্ঘাতময় পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে। তিনি স্থায়ী শান্তি অর্জনের জন্য সর্বদা কূটনৈতিক উদ্যোগকে প্রাধান্য দেয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। ফোনালাপে মার্ক রুট বলেন, ন্যাটো একটি বিস্তৃত, নিরপেক্ষ এবং সামগ্রিক দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে তার মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে অবদান রাখবে।

উল্লেখ্য, গত শনিবার ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পরই এই ফোনালাপটি অনুষ্ঠিত হলো। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। এর প্রতিক্রিয়ায় ইরান প্রতিশোধ হিসেবে ইসরাইল এবং উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে।

আলোচনাকালে এরদোগান আরো জানান, আগামী জুলাই মাসে তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো জোটের নেতাদের যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার প্রস্তুতি চলছে। তুরস্ক এই সম্মেলনের গুরুত্ব অনুধাবন করে যথাযথ মর্যাদার সাথে এটি আয়োজন করবে বলেও তিনি উল্লেখ করেন।