তুষারঝড়ে নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা

Printed Edition
onno-4
নিউ ইয়র্কের ব্রুকলিনে তুষারপাতে বিপর্যস্ত জনজীবন : ইন্টারনেট

রয়টার্স

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল ও গ্রেট লেকস অঞ্চলে শক্তিশালী শীতকালীন তুষারঝড় আঘাত হেনেছে। ছুটির মৌসুমের ব্যস্ত সময়ে এই ঝড়ের কারণে দেড় হাজারের বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত ভারী তুষারপাতের ফলে বিমান চলাচলের পাশাপাশি সড়ক যোগাযোগ ব্যবস্থাতেও ব্যাপক ব্যাঘাত ঘটে।

ফ্লাইট ট্র্যাকিং সেবা ‘ফ্লাইটঅ্যাওয়ার’-এর তথ্য অনুযায়ী, শুক্রবার রাত থেকে অন্তত দেড় হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে শনিবার সকালের দিকে পরিস্থিতির কিছুটা উন্নতি লক্ষ্য করা গেছে। তুষারপাত কমে আসায় সড়ক ও আকাশপথ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। জাতীয় আবহাওয়া দফতর বা ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ঝড়টি এখন অনেকটাই দুর্বল হয়ে আসছে। শনিবার সকালে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় হালকা তুষারপাতের খবর পাওয়া গেছে এবং ঝড়টি উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্ব দিকে দ্রুত সরে যাচ্ছে।

ঝড়টি উত্তর-পশ্চিম দিক থেকে দ্রুতগতিতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়। নিউ ইয়র্ক সিটি এলাকায় সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে, যেখানে পূর্বাঞ্চলীয় সেন্ট্রাল লং আইল্যান্ডে ছয় ইঞ্চিরও বেশি বা প্রায় ১৫ সেন্টিমিটার তুষার জমেছে। অন্যদিকে নিউ ইয়র্ক সিটিতে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত প্রায় চার ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে, যা পূর্বাভাসের তুলনায় কিছুটা কম।