আসল নায়ক তো অ্যানচেলোত্তি
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক নিউ ইয়র্ক থেকে
পিছিয়ে পড়ার পরও জিতেছে ব্রাজিল। জাপানের বিপক্ষে সেরা ৩২ এর ম্যাচে তাদের এই জয় ৯৬ মিনিটের গোলে। ইনজুরি টাইমের এই ৬ মিনিটের গোলটি করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। আর্সেনালের এই স্ট্রাইকারকে বদলি হিসেবে নামান কোচ কার্লো আনচেলোত্তি। আগের তিন ম্যাচে তিন গোল করা ম্যাথিউস কুনহাকে তুলে নেন তিনি। মাঠে নামান মার্টিনেল্লিকে। এই বদলটা অনেকের কাছেই বিস্ময়কর মনে হচ্ছিল। অথচ এই মার্টিনেল্লিই হয়ে গেলেন জয়ের নায়ক। জাপান-বধের অন্যতম কারিগর। আর এর নেপথ্যে কোচ কার্লো অ্যানচেলোত্তি। বিরতির পর তিনি সময়োপযোগী সিদ্ধান্ত নেন। তুলে নেন কুনহাকে। মাঠে আসেন মার্টিনেল্লি। এর আগে ইনজুরিতে পড়া প্রথম গোলদাতা ক্যাসেমিরোকে তুলে নেন মাঠ থেকে। এই দুই বদলই পাল্টে দেয় ম্যাচের চিত্র।
ম্যাচ শেষে ফক্স স্পোর্টসের বিশেষজ্ঞ ধারাভাষ্যকার নাইজেরিয়ান সাবেক ফুটবলার জন ওবি মিকেল এই দুই বদলের জন্য ধন্যবাদ দেন কোচ অ্যানচেলোত্তিকে। তার মতে, ‘আসল ম্যাচের আসল নায়ক তো কোচ অ্যানচেলোত্তি। তার এই দুই খেলোয়াড় বদলই পাল্টে দিয়েছে ম্যাচের চিত্র। সাথে ফলও।’ ৯১ মিনিটে তুলে নেয়া হয় ক্যাসেমিরোকে। ক্যাসেমিরো অবশ্য ইনজুরির জন্য মাঠেই বসে পড়েন। ফলে তাকে তুলে নিতে বাধ্য হয় কোচ। আর মার্টিনেল্লিকে নামানো হয় ৬৫ মিনিটে।
কোচ মোট চার ফুটবলারকে বদল করেন। এর একজন হলো যার ভুল পাস থেকে জাপানের কাইসু সানো গোল করেছিল সেই ড্যানিলো। এ ছাড়া বিরতির পর খেলার সুযোগ দেয়া হয় উঠতি স্ট্রাইকার এন্ড্রিককে। কিন্তু এই তরুণ কিছু করতে না পারলেও সফল ব্রাজিলকে এই সেরা ৩২-এর হার্ডল পার করানো মার্টিনেল্লি।