কুষ্টিয়া ডিসির বদলিতে পাল্টাপাল্টি অবস্থানে জামায়াত-বিএনপি
Printed Edition
কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো: ইকবাল হোসেনের বদলি নিয়ে পাল্টাপাল্টি অবস্থানের পর অবশেষে তিনি কুষ্টিয়া ত্যাগ করে ঢাকায় চলে গেলেন। মঙ্গলবার দুপুরে তিনি সপরিবারে কুষ্টিয়া ত্যাগ করেন বলে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহবুবউল আলম নিশ্চিত করেছেন। এ দিকে মঙ্গলবার সকালে দ্বিতীয় দিনের মতো হাজার হাজার নারী ও পুরুষ জেলা প্রশাসক ইকবাল হোসনের বদলির প্রতিবাদে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে প্রতিবাদ জানান।
ইকবাল হোসনকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে গত রোববার সন্ধ্যায় প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর তাকে বহাল রাখা ও না রাখা নিয়ে জামায়াতে ইসলামী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে বিএনপি-যুবদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। উভয় পক্ষই রোববার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত শহর ও ডিসি অফিস এলাকায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ডিসিকে বহাল রাখার দাবিতে ‘জুলাই যোদ্ধা ও কুষ্টিয়া সর্বস্তরের জনগণ’ ব্যানারে জামায়াত-শিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীরা মাঠে নেমেছেন। তাদের দাবি, ইকবাল হোসেন ‘মানবতার ডিসি’, তিনি দুর্নীতির বিরুদ্ধে কাজ করছেন; সোমবারের মধ্যে তাকে বহাল না রাখলে অসহযোগ আন্দোলন, এমনকি জেলা প্রশাসকের কার্যালয়ে তালা ঝুলিয়ে সব কার্যক্রম বন্ধের হুমকি দেন তারা।
অন্য দিকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা একই সময়ে ‘কুষ্টিয়ায় মব সন্ত্রাসের বিরুদ্ধে, অবৈধ কর্মসূচির প্রতিবাদে এবং সাধারণ মানুষের জানমালের রক্ষায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচির আয়োজন করেন। তারা রোববার দুপুরের পর কুষ্টিয়া পৌরসভা থেকে মিছিল বের করে ডিসি অফিস চত্বরে গিয়ে শেষ হয়। তাদের বক্তব্য, ডিসিকে রাখা বা প্রত্যাহার করা সরকার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের এখতিয়ার; কিন্তু জামায়াত-শিবির তার বদলি ঠেকাতে ‘মব’ নামিয়ে পরিস্থিতি অশান্ত করছে। সবমিলিয়ে, কুষ্টিয়ার ডিসি প্রত্যাহারকে ঘিরে প্রশাসনিক সিদ্ধান্ত এখন রাজনৈতিক দ্বন্দ্ব ও জামায়াত-বিএনপির মুখোমুখি অবস্থানের নতুন ইস্যুতে রূপ নিয়েছে। সর্বশেষ গতকাল বেলা ১১টার দিকে ডিসির বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ করা হয়। এ সময় কয়েক হাজার নারী ও পুরুষ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সেøাগান দিতে থাকেন। এ দিকে দুপুরের পরেই জেলা প্রশাসক ইকবাল হোসেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মাহবুবুল আলমকে দায়িত্ব দিয়ে ঢাকার উদ্দেশ্যে কুষ্টিয়া ত্যাগ করেছেন। এ সময় নানা বয়সের মানুষ অশ্রুসিক্ত হয়ে পড়েন। উল্লেখ্য, জেলা প্রশাসক ইকবাল হোসেন নির্বাচনের ৩ মাস আগে কুষ্টিয়ায় যোগদান করেন। এর পর থেকেই তিনি নানা কর্মকাণ্ডের মাধ্যমে জেলাবাসীর নয়নের মনি হিসেবে পরিচিতি পেতে থাকেন। সমস্যা জর্জড়িত পরিবারকে সহযোগিতা, এমনকি মানুষের দুঃদুর্দশায় তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে তিনি মানবিক ডিসি হিসেবে পরিচিতি পেতে থাকেন।