মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার

নিখোঁজের ২৭ বছর পর পরিবারের কাছে ফিরলেন আমির হোসেন

Printed Edition
back-7
নিখোঁজের ২৭ বছর পর পরিবারের কাছে ফিরলেন আমির হোসেন

মালয়েশিয়া প্রতিনিধি

দীর্ঘ ২৭ বছর নিখোঁজ থাকার পর অবশেষে পরিবারের কাছে ফিরেছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার প্রবাসী আমির হোসেন তালুকদার (৬২)। বুধবার রাতে ‘বাতিক এয়ার’-এর একটি ফ্লাইটে মালয়েশিয়া থেকে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও পরিবারের সদস্যরা তাকে গ্রহণ করেন।

১৯৯৬ সালে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন আমির হোসেন। প্রবাস জীবনের প্রথম তিন বছর পরিবারের সাথে যোগাযোগ থাকলেও পরবর্তী ২৭ বছর তার আর কোনো খোঁজ মেলেনি। দীর্ঘ এই সময়ে আমির হোসেনের কোনো হদিস না পেয়ে স্বজনরা একপর্যায়ে ধরে নিয়েছিলেন যে, তিনি হয়তো আর বেঁচে নেই। ফলে ৩০ বছর পর (নিখোঁজের ২৭ বছর) বাবাকে ফিরে পেয়ে ছেলে বাবু তালুকদারসহ পরিবারের সদস্যদের মধ্যে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। বিমানবন্দর থেকে ব্র্যাকের নিজস্ব ব্যবস্থাপনায় তাকে শরীয়তপুরে তার গ্রামের বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে।

ব্র্যাক সূত্রে জানা গেছে, সম্প্রতি মালয়েশিয়ার পেনাং এলাকার একটি জঙ্গলে একটি জরাজীর্ণ টিনের ঘরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় তাকে দেখতে পান কয়েকজন প্রবাসী বাংলাদেশী। তারা তাকে উদ্ধার করে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন।

আমির হোসেনকে দেশে ফেরাতে বিশেষ ভূমিকা পালন করেন প্রবাসী বাপ্পি কুমার দাস এবং পেনাং প্রবাসী দিপু। তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা তথ্যের ভিত্তিতে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলররা বিষয়টি আমলে নেন। পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে দূতাবাস তাকে ট্রাভেল পাস প্রদান করে এবং দেশে ফেরার ব্যবস্থা নিশ্চিত করে। ২৭ বছর পর জীবিত আমির হোসেনকে ফিরে পেয়ে তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের বন্যা।