ধানের শীষ পবিত্র মার্কা : শামা ওবায়েদ
Printed Edition
সালথা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আমি যদি আমার বাবার সন্তান হয়ে থাকি তাহলে কাউকে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজি করতে দেব না। কেউ দুর্নীতি করলে তাকে পুলিশে ধরিয়ে দিন। কারো অন্যায়ের দায়-দায়িত্ব আমি শামা ওবায়েদ নেবো না। আমার বাবার নাম আমি নষ্ট হতে দিবো না। বিএনপি দেশের মানুষের সেবা করে যাচ্ছে। সেই দলের নামেও আমি বদনাম হতে দিবো না। ধানের শীষ অত্যন্ত পবিত্র মার্কা। এই মার্কার বদনাম আমি হতে দেবো না।
গত বৃহস্পতিবার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে মো: ইব্রাহিম মোল্যার বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন- নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, বিএনপি নেতা শাহিদুজ্জামান শাহিদ, মনির মোল্যা, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়া প্রমুখ।
অনুষ্ঠান শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়।