রাষ্ট্রীয় মর্যাদায় অধ্যাপক ডা: মো: আব্দুল কুদ্দুসের দাফন
Printed Edition
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা, ময়মনসিংহের গফরগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা: মো: আব্দুল কুদ্দুসকে (৭৬) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
গতকাল রোববার উপজেলার সদরে হেনা মসজিদ-সংলগ্ন জন্মেজয় ঈদগাহ মাঠে মরহুমের লাশ নিয়ে আসা হয়। এরপর গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এন এম আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে পুলিশের একটি চৌকস দল। এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি আসম আতিকুর রহমান-সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা। পরে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে ময়মনসিংহ-১০ গফরগাঁও-পাগলা আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জামাল উদ্দিন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী, শিক্ষক নেতা, সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।