বিভিন্ন স্থানে নিহত ১০

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

পৃথক সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে ছাত্র, ব্যবসায়ী ও পুলিশ কনস্টেবলসহ ১০ জন নিহত হয়েছেন।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকার ধামরাইয়ে কাভার্ডভ্যানের চাপায় এক পুলিশ কনস্টেবলসহ দুইজন নিহত হয়েছে।

গত বৃহস্পতিবার ধামরাইয়ের কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের বাটুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মল্লিক ও বাইসাইকেল আরোহী কুদ্দুস মিয়া। পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মল্লিক ধামরাইয়ের রাজাপুর এলাকার সামছুল হক মল্লিকের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাজধানী ঢাকায় কর্মরত পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মল্লিক মোটরসাইকেলযোগে ঢাকা থেকে ধামরাইয়ের রাজাপুর এলাকায় গ্রামের বাড়ি যাবার পথে বাটুলিয়া এলাকায় পৌঁছালে প্রথমে একটি বাইসাইকেলের সাথে সংঘর্ষ হয়।

এতে সড়কে পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মল্লিকসহ বাইসাইকেল চালক কুদ্দুস মিয়া পড়ে গেলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান তাদের দু’জনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মল্লিক নিহত এবং বাইসাইকেল আরোহী কুদ্দুস মিয়া গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত বলে ঘোষণা করেন।

গাজীপুর জেলা প্রতিনিধি জানান, রেলওয়ের সিগনাল ও কর্তব্যরত গেইটম্যানের নিষেধ অমান্য করে রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবলীগ নেতাসহ দু’জন নিহত হয়েছেন। গাজীপুর মহানগরীর পুবাইলে (বাটপাড়া) রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শেখ হাবিবুর রহমান সরকার বাপ্পী (৩৫) গাজীপুর মহানগরের ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সদস্য এবং সাতানি পাড়ার বড্ড সরকারের ছেলে। সজিব ভূঁইয়া (৪০) স্থানীয় নয়ানিপাড়া (মৃধাবাড়ি) এলাকার আশরাফ হোসেনের ছেলে।

পুবাইলে (বাটপাড়া) রেলগেটের দায়িত্বে থাকা গেটম্যান মনির হোসেন বলেন, গেট নামিয়ে বাঁশি বাজিয়ে মোটরসাইকেল আরোহীদের সতর্ক করা হয়েছিল। তারা সেটা না মেনে গেটের পাশ দিয়ে ঢুকে পড়লে ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) পুবাইল থানার ওসি আতিক হোসেন জানান, বাপ্পী ও সজিব বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতগতির মহানগর এক্সপ্রেস ট্রেনটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মোটরসাইকেলে থাকা দু’জন রেললাইনের পাশে ছিটকে পড়ে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে করমতলা খ্রিস্টান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার সকাল প্রায় পৌনে ১০টার দিকে উপজেলার কসবা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঢাকার নিউমার্কেট এলাকার এলিফ্যান্ট রোডের বাসিন্দা আব্দুল ওয়াহিদের ছেলে মো: ইলিয়াস হোসেন (৫৭) এবং বরিশাল নগরীর বাসিন্দা মাইক্রোবাস চালক মো: রিপন।

আহতরা হলেন ঢাকার খিলখেত এলাকার মো: মনিরুজ্জামান (৪০), মুরাদপুরের নুরুজ্জামান (৪২) ও বাগেরহাটের মংলা এলাকার আব্দুল ওয়েজ (৩০)। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: মিজানুর রহমান জানান, খুলনাগামী ‘টেকেরহাট এক্সপ্রেস’ বাসের সাথে বরিশালগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মাইক্রোবাসের চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাস চালকসহ দুইজনের মৃত্যু হয়।

গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের হোসেনপুরে মটরসাইকেল চাপায় মো: আসলাম মিয়া (৩৬) নামে এক ব্যাবসায়ী নিহত হয়েছেন। তিনি উপজেলার শাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমামা গ্রামের মো: সুরুজ আলীর ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হোসেনপুর বাজার থেকে ব্যাবসার কাজ শেষে দোকান বন্ধ করে তার ভাইকে নিয়ে বাড়ি যাওয়ার পথে গত বৃহস্পতিবার রাত ১২টায় দিকে পৌর সদরের খাদ্য গোডাউন চৌরাস্তা সড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মটরসাইকেল তাদের চাপা দিলে আসলাম ও তার ভাই গুরুতর আহত হয়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানেও তার অবস্থায় আরো অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার (৬ মার্চ) তিনি মারা যান।

বগুড়া অফিস জানায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় পাথরবাহী ট্রাকের ধাক্কায় আকবর আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা বন্দরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকবর আলী বগুড়ার গাবতলি উপজেলার পাঁচপাইকা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে আকবর আলী মোকামতলা বন্দরে বগুড়া-রংপুর মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় রংপুর দিক থেকে আসা ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন আকবর আলী। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া নেয়ার পরামর্শ দেন। সেখান থেকে বগুড়া নেয়ার পথে মারা যান আকবর আলী।

লালমোহন (ভোলা) সংবাদদাতা জানান, ভোলার লালমোহন উপজেলার ধলীগৌর নগরে সড়ক দুর্ঘটনায় মো: মহিম (২৫) নামের এক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার ধলীগৌর নগর ইউনিয়নের পাটওয়ারির হাটসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো: মহিম ধলরগৌর নগর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকার কবিরাজ বাড়ির মো: আলীর ছেলে। তিনি পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা জানা গেছে, ভোরে মহিম লর্ডহার্ডিঞ্জ মাদরাসা বাজার এলাকায় তার স্ত্রীকে শ্বশুরবাড়িতে পৌঁছে দিয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে ধলীগৌর নগরের পাটওয়ারির হাটের নিকটবর্তী স্থানে পৌঁছালে তার চালিত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়দের সহযোগিতায় তাকে লালমোহন সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ীর কালুখালী গান্ধিমাড়া এলাকায় দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় মো: সলিম শিকদার (৩৫) নামে এক ভ্যানের যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভ্যানচালকসহ দুই যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গান্ধিমাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সলিম শিকদার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের মৃত মদিক শিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাইখোলা থেকে ভ্যানচালক রাজবাড়ী-কুষ্টিয়া হাইওয়ে সড়কে ওঠার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার ভ্যানের পেছনে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানচালকসহ ভ্যানে থাকা সব যাত্রী আহত হয়, তবে গুরুতর আহত হয় সলিম শিকদার। তখন তাকে স্থানীয়রা উদ্ধার করে রাজরাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: আজাদ বলেন, ‘সড়ক দুর্ঘটনার শিকার ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।’