চৌগাছায় সন্ধ্যা নামলেই মাদক ও জুয়ার আসর
Printed Edition
চৌগাছা (যশোর) সংবাদদাতা
যশোরের চৌগাছা উপজেলার হাজরাখানা গ্রামে সন্ধ্যা নামলেই মাদক ও জুয়ার আসর বসানোর অভিযোগ উঠেছে ইসমাইল হোসেন (৩৭) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, তার ডেরাকে কেন্দ্র করে এলাকায় মাদক কেনাবেচা ও জুয়ার আসর বসায় সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এ ঘটনার প্রতিকার চেয়ে গতকাল বৃহস্পতিবার চৌগাছা থানায় লিখিত অভিযোগ করেছেন গ্রামের কৃষক কিরামত আলী।
অভিযোগ সূত্রে জানা গেছে, হাজরাখানা গ্রামের মৃত শওকত আলীর ছেলে ইসমাইল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের বাইনের মাঠে তার একটি কুঁড়েঘর রয়েছে, যেখানে নিয়মিত মাদককারবারি ও জুয়ার আসর বসে বলে অভিযোগ করেন এলাকাবাসী। সেখানে গাঁজা, ইয়াবা, মদ, হেরোইন ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদকের বেচাকেনা চলে বলে তারা দাবি করেন।
স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার পর ওই এলাকায় কৃষক ও জমির মালিকদের যাওয়া প্রায় নিষিদ্ধ হয়ে পড়েছে। এতে কৃষিকাজ ব্যাহত হচ্ছে। বিশেষ করে খেজুর রস সংগ্রহ ও ইরি ধানের জমিতে সেচ দেয়া কঠিন হয়ে পড়েছে।
অভিযোগকারী কিরামত আলী বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি নিজ জমিতে কাজ করার সময় ইসমাইল তাকে মাঠ থেকে চলে যেতে বলেন। এতে আপত্তি জানালে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় এবং সন্ধ্যার পর সেখানে গেলে প্রাণনাশের হুমকি দেয়া হয়। একপর্যায়ে ইসমাইল তার দিকে তেড়ে এলে আশপাশের লোকজন এগিয়ে এলে পরিস্থিতি শান্ত হয়।