এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও সম্মাননা
Printed Edition
বিশেষ সংবাদদাতা
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রদর্শনী এবং বিভিন্ন ক্ষেত্রে সফল তিন নারীকে সম্মাননা প্রদান করেছে এসএমই ফাউন্ডেশন।
সংশ্লিষ্টরা জানান, বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান প্রায় ৩০ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২৪ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, দেশের প্রায় এক কোটি ১৮ লাখ শিল্প প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ৯৯ শতাংশই কুটির, মাইক্রো, ুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই)। শিল্প খাতের মোট কর্মসংস্থানের প্রায় ৮৫ শতাংশ এই খাতে, যেখানে কর্মরত রয়েছে তিন কোটিরও বেশি মানুষ। বেশি জনসংখ্যা ও সীমিত সম্পদের দেশ হিসেবে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এসএমই ফাউন্ডেশন ও ইস্টার্ন ব্যাংকের উদ্যোগে আগারগাঁওয়ের পর্যটন ভবনে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক ফারজানা খান। অনুষ্ঠানে বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের পরিচালক পর্ষদের সদস্য ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, ইস্টার্ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আনোয়ার, বিশ্বব্যাংকের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি এবং উইনরক ইন্টারন্যাশনালের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ দীপ্তা রক্ষিত।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় তিনজন নারীকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন- বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম, টাঙ্গাইল শাড়ি কুটিরের প্রতিষ্ঠাতা মনিরা ইমদাদ এবং রেইনবো ভ্যালি ডেকেয়ারের প্রতিষ্ঠাতা জিনিয়া জেসমিন করিম।
অনুষ্ঠানে ‘অধিকার ও ন্যায়বিচারের আলোয় আলোকিত হোক ব্যবসার অঙ্গন’ শীর্ষক একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়। এতে আলোচক ছিলেন জেন্ডার ও নারী উদ্যোক্তা উন্নয়ন বিশেষজ্ঞ নিলুফার আহমেদ। এ ছাড়া আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের অংশ হিসেবে অনুষ্ঠানে ১০ জন নারী উদ্যোক্তার সৃষ্টি পণ্যের প্রদর্শনীর আয়োজন করা হয়।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী বলেন, সারা দেশে ১ কোটি ১৮ লাখ সিএমএসএমই উদ্যোক্তার মধ্যে নারী উদ্যোক্তার হার সাড়ে ৬ শতাংশেরও কম। তবে নতুন উদ্যোক্তা সৃষ্টি ও বিদ্যমান উদ্যোক্তাদের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচি- যেমন অর্থায়ন, পণ্য বাজারজাতকরণ, আইসিটি ও প্রযুক্তি উন্নয়ন এবং দক্ষতা উন্নয়ন কার্যক্রমের সুবিধাভোগীদের মধ্যে প্রায় ৬০ শতাংশই নারী উদ্যোক্তা।