অস্ট্রেলিয়াকে বিপদে ফেলতে পারে আইরিশরা

Printed Edition

ক্রীড়া ডেস্ক

প্রথম ম্যাচে মাত্র ২০ রান হার শ্রীলঙ্কার কাছে। স্বাগতিকদের ১৬৩ রানের জবাবে ১৪৩ এ অলআউট আয়ারল্যান্ড। সেই হারের কষ্ট এখনও তাড়িয়ে বেড়াচ্ছে আইরিশ কোচ হেনরিখ মালানকে। সেই কষ্ট বুকে চাপা দিয়ে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করতে চায় তারা। মালান জানান , ‘সত্যিই হতাশ হয়েছিলাম গত ম্যাচে এমন হারের কারণে। আমরা সঠিক পরিকল্পনা অনুযায়ীই খেলছিলাম। কিন্তু শেষটা ভালো হয়নি। কিছু সুযোগ হাতছাড়া হওয়ার খেসারতেই হার।’ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় আজ তারা চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত অসিদের।

বিশ^কাপ মানেই ফেবারিট অস্ট্রেলিয়া। তবে এবার তারা উপমহাদেশে বিশ^কাপ খেলতে এসেছে ইনজুরি সমস্যা নিয়ে। চোটের জন্য আগেই বাদ পড়েছেন জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স। হ্যাজেলউডের কোনো বিকল্প নেয়নি টিম অস্ট্রেলিয়া। এরই মধ্যে হ্যামেস্ট্রিং ইনজুরিতে পড়েছেন টিম ডেভিড। তাকে সুস্থ করে তোলার জোর চেষ্টা চলছে। সাথে আছে নাথান এলিস এবং অভিজ্ঞ অ্যাডাম জাম্পার চোট। হ্যামেস্ট্রিং ইনজুরিতে পড়া নাথান এলিসকে নিয়ে সংশয় আছে। সংশয় অ্যাডাম জাম্পাকে নিয়েও। ১৫ দিন আগে পাকিস্তানের বিপক্ষে গ্রোয়েন ইনজুরি নিয়েই খেলতে হয়েছিল লেগ স্পিনার জাম্পাকে। পাকিস্তানের কাছে ০-৩ এ টি-২০ সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া। অবশ্য অসিরা সেই সিরিজে দুর্বল দল নিয়ে এসেছিল। এ নিয়ে বিস্তর সমালোচনাও হয়েছিল।

ওই সিরিজে টিম অস্ট্রেলিয়া বিগ ব্যাশে খেলা ক্রিকেটারদের নিয়ে খেলেছিল। ওই সিরিজে অংশ নেননি গ্লেন ম্যাক্সওয়েল, নাথান এলিস ও টিম ডেভিড। ফলে বর্তমান বিশ^কাপ দলে ওই সিরিজে ম্যাচ খেলা ক্রিকেটারের সংখ্যাই বেশি। এই সমস্যার মধ্যে যোগ হতে যাচ্ছে আইরিশদের স্পিন আতঙ্ক। আয়ারল্যান্ডের দুই স্পিনার জর্জ ডকরেল এবং গেরেথ ডিলানে চমৎকার বোলিং করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে।

গত ম্যাচে আয়ারল্যান্ড ৭টি ক্যাচ ছেড়েছিল এবং শেষ ৪ ওভারে ৫৯ রান দিয়েছিল। এরপর ব্যাট হাতে ২ উইকেটে ১০২ রান তোলার পরও হেরেছিল পরের ৮ উইকেট ৩৮ রানে খোয়ানোয়।

টি-২০ ক্রিকেটে এখন পর্যন্ত দুই দলে দেখা হয়েছে দুই বার। এ ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৬ সালের পর আর কোনো ম্যাচ খেলেনি। ২০২২ সালে পার্থের গাব্বায় টি-২০ বিশ^কাপে অংশ নেয়। চার বছর আগের সেই বিশ^কাপ দলের ৮ জন আছে বর্তমান আইরিশ দলে। যারা গত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল।

অন্য দিকে টি-২০ বিশ^কাপে খেলা দলটির মাত্র চার সদস্য এবারের অস্ট্রেলিয়া বিশ^কাপ দলে। অসিদের গত বিশ^কাপ দলের অধিকাংশ খেলোয়াড়ের অবসর এবং ইনজুরি এখন চ্যালেঞ্জে ফেলেছে। ২০১২ সালে এই কলম্বোতেই টি-২০ বিশ^কাপ খেলেছিল দুই দল। সেই দলের তিন জন আছেন এবারের বিশ^কাপে। আইরিশদের পল স্ট্রালিং এবং জর্জ ডকরেল ও অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়ে।

সব কিছু ছাপিয়ে অস্ট্রেলিয়া তাদের মতোই ঘুরে দাঁড়ায়। অতীতেও এই চিত্র দেখা গেছে। অস্ট্রেলিয়ার মিচেল মার্শ বলেন, আমরা দারুণ জয় দিয়েই শুরু করতে চাই এবারের বিশ^কাপ।’ প্রতিপক্ষরা যে ছোবল মারবে তা জানা আইরিশ কোচ মালানেরও। তাই তার মতে, অস্ট্রেলিয়ার মতো দলকে হারাতে অবশ্যই কঠোর পরিশ্রত করতে হবে। বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাদের সাথে এই ম্যাচে।