আইআইইউসির ষষ্ঠ সমাবর্তন আগামীকাল
Printed Edition
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ষষ্ঠ সমাবর্তন আগামীকাল শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এবারের সমাবর্তনের মাধ্যমে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্নকারী সাত হাজার ৯৪৯ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হবে। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেস কাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সমাবর্তনে ১৩ জন শিক্ষার্থীকে ‘চ্যান্সেলর পুরস্কার’ এবং ৫১ জনকে ‘ভাইস-চ্যান্সেলর পুরস্কার’ প্রদান করা হবে। ভিসি তার বক্তব্যে উল্লেখ করেন, আইআইইউসি এ পর্যন্ত ৪৫ হাজারেরও বেশি গ্র্যাজুয়েট তৈরি করেছে, যারা দেশ ও বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখছেন। ভিসি জানান, সীতাকুণ্ডের কুমিরায় ৫০ একর নিজস্ব জমিতে প্রায় সাড়ে ছয় লাখ বর্গফুটের ৪২টি ভবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ছয়টি অনুষদের অধীনে ১৫টি বিভাগে বর্তমানে প্রায় ১২ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। এর মধ্যে নেপাল, শ্রীলঙ্কা, চীন ও সোমালিয়াসহ বিভিন্ন দেশের উল্লেখযোগ্যসংখ্যক বিদেশী শিক্ষার্থী রয়েছে। সাড়ে চার শতাধিক শিক্ষকের মধ্যে ৮৪ জনই পিএইচডিধারী। বিশ্ববিদ্যালয়টির সাথে আমেরিকা, কানাডা, চীন, তুরস্ক ও মালয়েশিয়াসহ বিশ্বের ২৬টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক রয়েছে। আইআইইউসির লাইব্রেরিতে এক লক্ষাধিক বই এবং ৩৫ হাজারেরও বেশি ই-জার্নাল রয়েছে, যা শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আইআইইউসির ক্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ সমাবর্তন উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম ব্যুরো।