সংক্ষিপ্ত সংবাদ
Printed Edition
জ্যোতির্বিজ্ঞান প্রশিক্ষণ শুরু
স্কুল-কলেজের শিক্ষার্থীদের জ্যোতির্বিজ্ঞানের ওপর পারদর্শী করে গড়ে তুলতে বান্দরবানে আন্তর্জাতিক প্রোগ্রামের অংশ হিসেবে শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের অফিস ফর অ্যাস্ট্রোনমি এডুকেশন এবং অফিস ফর অ্যাস্ট্রোনমি আউটরিচের ন্যাশনাল আউটরিচ কো-অর্ডিনেটর-বাংলাদেশ টিমের উদ্যোগে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। গতকাল সকালে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: সানিউল ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন বুয়েটের তড়িৎকৌশল বিভাগের অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী, চুয়েটের গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেবসহ বুয়েট ও চুয়েটের শিক্ষক ও বিজ্ঞানীরা। প্রশিক্ষণে জেলার ৩০ জন বিজ্ঞান ও গণিত শিক্ষক অংশগ্রহণ করছেন। এতে আধুনিক বিজ্ঞান শিক্ষা পদ্ধতি ও ব্যবহারিক প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। প্রশিক্ষণের অংশ হিসেবে টেলিস্কোপের মাধ্যমে সূর্য পর্যবেক্ষণ, পকেট সোলার প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। বান্দরবান প্রতিনিধি।
অটোরিকশা চালককে হত্যা
লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জে ফরহাদ হোসেন (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে বাড়ির পাশের একটি ফসলি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফরহাদ সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরমনসা গ্রামের মো: দিদার হোসেনের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক। পরিবারের অভিযোগ, পাওনা টাকা দেয়ার কথা বলে বৃহস্পতিবার রাতে এক ব্যক্তি মোবাইলফোনে ফরহাদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর ফিরে আসেননি। পরদিন ভোরে তার মোবাইল ফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি ফসলি জমিতে তার লাশ পড়ে থাকার খবর পান পরিবারের সদস্যরা। নিহতের স্ত্রী নার্গিস বেগম দাবি করেন, টাকা লেনদেনকে কেন্দ্র করেই তার স্বামীকে হত্যা করা হয়েছে। তিনি আরো জানান, দুর্বৃত্তরা ফরহাদের ডান চোখ উপড়ে ফেলে নৃশংসভাবে হত্যা করেছে। লক্ষ্মীপুর প্রতিনিধি।
পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ফুটবল খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক গ্রামের মাহবুব খানের বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। নিহত দুই ভাইয়ের নাম আদনান (১০) ও আব্রাহাম (৭)। তারা কুষ্টিয়ার মেহেরপুর উপজেলার পিরোজপুর এলাকার জিয়াউর রহমানের ছেলে। তারা চার বছর যাবৎ সোনারগাঁওয়ে কাঁচপুর রায়েরটেক গ্রামের খানবাড়ির নিজাম খানের বাড়িতে ভাড়া থাকেন। তারা দু’জনই মাদরাসাছাত্র। প্রত্যক্ষদর্শী রনি হোসেন জানায়, দুই ভাই পুকুরে পাড়ে বল নিয়ে খেলা করছিল। হঠাৎ করেই তাদের আর দেখা যায়নি। পরে এক নারীর কান্নাকাটি দেখে তারা পুকুরে নেমে খোঁজাখুঁজি পর একে একে দু’জনের লাশ উদ্ধার করে। সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।
চিকিৎসাসেবার ‘হাব’ হবে নীলফামারী : স্বাস্থ্য সচিব
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো: কামরুজ্জামান চৌধুরী বলেছেন, ‘নীলফামারীতে এয়ারপোর্ট আছে। এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে পারে। এখানে ট্রেন, রেল যোগাযোগ আছে, যা আরো উন্নত হতে পারে। এখানে সড়ক যোগাযোগে মহাসড়ক আছে। সার্বিক যোগাযোগ কাঠামোর সুফলটা আমরা জনগণের কাছে পৌঁছে দিতে চাই। এ ছাড়াও এখান থেকে সার্ক অঞ্চলের যোগাযোগটা আমার মনে হয় সহজ হবে। সে ক্ষেত্রে এ এলাকাটা চিকিৎসার হাব হবে এবং সেন্টার অব এক্সিলেন্স হবে। সে বিবেচনায়ও আমরা এ স্থানকে সুপারিশ করেছি।’ গতকাল সকালে নীলফামারীর টেক্সটাইল মাঠে চীনের উপহারের এক হাজার শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতালের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: প্রভাত চন্দ্র বিশ্বাস, রংপুর বিভাগীয় কমিশনার মো: শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি মো: আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সাইদুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: সাকিউজ্জামানসহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। নীলফামারী প্রতিনিধি।
রাঙ্গুনিয়ায় মগদেশ্বরী মন্দিরে দুর্ধর্ষ চুরি
চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় মা মগদেশ্বরী মন্দিরে দুর্ধর্ষ চুরি হয়েছে। দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে দানবাক্স ভেঙে টাকা ও মূল্যবান মালামাল লুট করে। গতকাল ভোরে পোমরা বুড়ির দোকান এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পোমরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বুড়ির দোকান এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের মা মগদেশ্বরী মন্দিরে গতকাল সকাল ৭টায় চুরির ঘটনাটি প্রকাশ পায়। মন্দিরের পুরোহিত বিমল চক্রবর্তী জানান, বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দুর্বৃত্তরা মন্দিরের দরজা ভেঙে দানবাক্সে থাকা টাকা ও মন্দিরের কিছু অলঙ্কার নিয়ে যায়। রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা।
তেল নিয়ে বিশৃঙ্খলায় ৩ যুবকের জেল
চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনে তেল নেয়া কেন্দ্র করে মারামারির ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দু’জনকে কারাদণ্ড ও একজনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল সকালে সদর উপজেলার ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনে তেল সরবরাহ চলাকালে কয়েকজন যুবক বিশৃঙ্খলা সৃষ্টি করে, অর্থাৎ মারামারি করে। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে চুয়াডাঙ্গা সদর উপজেলার মানিকদি গ্রামের জহিরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলামকে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় পঁাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। একই ধারায় আব্বাস উদ্দীনের ছেলে মারুফ বিল্লাহকেও পঁাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এ ছাড়া চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামের নাঈমকে একই ধারায় এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়। চুয়াডাঙ্গা থেকে প্রতিনিধি।
মামলার বাদিকে হুমকির অভিযোগ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক কৃষকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে থানায় মামলা রুজু হওয়ার পর বিবাদিরা আদালতের মধ্যে জামিনে এসে বাদিসহ বাদির পরিবারের সদস্যদের হুমকি ধমকি দেয়ার অভিযোগ উঠেছে। মামলার বাদি উপজেলার ছয়সূতী ইউনিয়নের কান্দিগ্রাম গ্রামের কৃষক মো: আব্বাছ মিয়ার স্ত্রী মোছা: কুরছিয়া বেগম গতকাল এসব অভিযোগ করে সুষ্ঠু বিচার দাবি করে বলেন তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। মোছা: কুরছিয়া বেগম বলেন, হামলা করেই তারা ক্ষ্যান্ত হয়নি। বিবাদিরা তাদের জায়গায় জোরপূর্বক দখল করে একটি একচালা ঘর তৈরি করে চতুর্দিকে বেড়া দিয়ে দেয়। এ ব্যাপারে বিবাদিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তাদের বক্তব্য নেয়া যায়নি। এ বিষয়ে কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আসামিরা জামিনে এসে বাদি ও বাদির পরিবারের সদস্যদের হুমকি ধমকি দেয়ার বিষয়টি তিনি অবগত নন। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা।