ঈদযাত্রায় অনিয়মের প্রতিবেদন প্রকাশ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবকে হুমকির অভিযোগে থানায় জিডি

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় ও সড়ক দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর থেকে হুমকিতে শঙ্কিত হয়ে পড়েছেন বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মো: মোজাম্মেল হক চৌধুরীকে। জীবনের নিরাপত্তা চেয়ে তিনি ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। একই সাথে একটি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেছেন।

গতকাল রাজধাপনীর ডেমরা থানায় একটি জিডি করেন মোজাম্মেল হক। জিডিতে তিনি উল্লেখ করেছেন, গত দুই দশক ধরে দেশে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা এবং যাত্রীদের দুর্ভোগ ও ভোগান্তি লাঘবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা হিসেবে মো: মোজাম্মেল হক চৌধুরী ধারাবাহিকভাবে কাজ করে আসছেন।

অতীতে আওয়ামী লীগ সরকারের সময় পরিবহন খাতের প্রভাবশালী মহলের চাপে তৎকালীন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার বিরুদ্ধে একাধিক হয়রানিমূলক মামলা দেয়া হয়। শুধু তাই নয়, তাকে কারাবরণও করতে হয় বলে অভিযোগ করা হয়। নতুন সরকারের সময়ও যাত্রী কল্যাণ সমিতির নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সাম্প্রতিক ঈদুল ফিতর উপলক্ষে বাড়তি ভাড়া আদায় এবং ঈদের পর সড়ক দুর্ঘটনা নিয়ে দুটি প্রতিবেদন প্রকাশ করে যাত্রীকল্যাণ সমিতি। এরপর থেকে বিভিন্ন পরিবহন মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট মহল থেকে তাকে বিভিন্ন মাধ্যমে একের পর এক হুমকি দেয়া হচ্ছে। এ ছাড়া গত ৩০ মার্চ ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা বিষয়ক প্রতিবেদন প্রকাশের পর এলাকায় ফিরে যাওয়ার পর দুপুরের পর থেকে কিছু অপরিচিত ব্যক্তি তার গতিবিধি অনুসরণ করছে বলে অভিযোগ করা হয়। তার অফিস, বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে এবং স্থানীয়দের কাছে তার ও তার পরিবারের সদস্যদের অবস্থান ও কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নিচ্ছে বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে। এ পরিস্থিতিতে নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি ডেমরা থানায় সাধারণ ডায়েরি করেন। সেই সাথে একটি অনলাইন ভিডিও বার্তায় মো: মোজাম্মেল হক চৌধুরী তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।