ঘুষের টাকা ফেরত দিলেন নলছিটির পিআইও

Printed Edition

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে কবরস্থানের মাটি বরাদ্দের কাজে ঘুষ নেয়ার অভিযোগ ওঠার পর সেই টাকা ফেরত দিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আওলাদ হোসেন। গতকাল বুধবার সকালে অভিযোগকারী নলছিটি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ অলিউল ইসলামের কাছে ঘুষ নেয়া ৯ হাজার টাকা ফেরত দেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, নলছিটি পৌরসভার মল্লিকপুর সরকারি কবরস্থানের জন্য মাটি ভরাটের একটি টিআর প্রকল্পের আওতায় প্রায় ১ লাখ ১৫ হাজার টাকার কাজ বরাদ্দ দেয়া হয়। তবে ওই কাজের বিপরীতে অতিরিক্ত খরচের কথা বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন মোট ৯ হাজার টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় গত মঙ্গলবার ঝালকাঠি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন মোহাম্মদ অলিউল ইসলাম।

অভিযোগকারী অলিউল ইসলাম বলেন, পিআইও নিজের ভুল স্বীকার করে বুধবার সকালে ঘুষ হিসেবে নেয়া ৯ হাজার টাকা ফেরত দিয়েছেন।