ভয়ে নয়-প্রতিপক্ষের বিশ্লেষণেই ৫ ডিফেন্ডার : কোমান

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপের শেষ বত্রিশে মরক্কোর কাছে টাইব্রেকারে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে নেদারল্যান্ডস। ম্যাচের পর সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছেন ডাচ কোচ রোনাল্ড কোমান। কারণ আক্রমণাত্মক ফুটবলের জন্য পরিচিত নেদারল্যান্ডসকে তিনি খেলিয়েছেন পাঁচ ডিফেন্ডার নিয়ে। তবে সমালোচনাকে পাত্তা না দিয়ে নিজের সিদ্ধান্তের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন এই কোচ। ‘পাঁচ ডিফেন্ডার নিয়ে নামার সিদ্ধান্ত ভয়ে নয়, বরং প্রতিপক্ষকে বিশ্লেষণ করেই নেয়া হয়েছিল। এই রক্ষণাত্মক কৌশলে আমরা গ্রুপ পর্বের ম্যাচগুলোর তুলনায় অনেক কম সুযোগ প্রতিপক্ষকে দিয়েছি। এটা ইতিবাচক দিক ছিল। তবে একই সাথে আমরা আক্রমণেও কিছুটা কম কার্যকর ছিলাম।’

মরক্কোকে সুইডেন কিংবা তিউনিসিয়ার চেয়ে অনেক শক্তিশালী দল উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা কৌশল নিয়ে যা খুশি ভাবতে পারেন। কিন্তু সুইডেন ও তিউনিসিয়ার তুলনায় অনেক শক্তিশালী একটি দলের বিপক্ষে আমরা অনেক কম সুযোগ দিয়েছি। আবার যদি একই ম্যাচ খেলতে হতো, আমি ঠিক একইভাবেই দল সাজাতাম।’

কোমান মনে করেন, শেষ মুহূর্তে মরক্কো সমতা ফেরাতে না পারলে তার এই কৌশলেরই প্রশংসা হতো। ‘মরক্কো যদি শেষ দিকে গোল করে সমতা না ফেরাত, তাহলে হয়তো সবাই আমার প্রশংসা করত। কিন্তু এখন পাঁচ ডিফেন্ডার নামানোর জন্য আমাকে সমালোচনা করা হচ্ছে। তবুও আমি বিশ্বাস করি, এই সিদ্ধান্তই সঠিক ছিল।’

ডাচ কোচ জানান, ম্যাচের আগে খেলোয়াড়দের সাথে কৌশল নিয়ে আলোচনা হয়েছিল এবং সবাই এতে একমত ছিলেন। সাংবাদিকদের উদ্দেশে কোমান বলেন, ‘আপনারা আমার সমালোচনা করতেই পারেন, সেটি আপনাদের অধিকার। কিন্তু আপনারা মাঠের বাইরে থেকে ফুটবল দেখেন। আমি দলের সাথে থাকি। কোথায় উন্নতি দরকার ছিল, সেটা আমি জানতাম এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছি।’

ভয়ের কারণে দলকে রক্ষণাত্মকভাবে খেলানো হয়েছে এমন অভিযোগও উড়িয়ে দিয়ে বলেন, ‘এটি কোনোভাবেই ভয় থেকে নেয়া সিদ্ধান্ত ছিল না। ভয় কেন পাবো? আমাদের দলে তো তিনজন স্ট্রাইকার খেলছিল। বিষয়টি ছিল রক্ষণকে আরো শক্তিশালী করা। প্রতিপক্ষকে বিশ্লেষণ করেই এই পরিকল্পনা করা হয়েছিল, ভয়ে নয়।’