সভাপতি পদে ২ জনসহ ১২ পদে ২৮ প্রার্থী

দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের পথে বগুড়া চেম্বার অব কমার্স

Printed Edition

বগুড়া অফিস

পতিত স্বৈরাচারের শাসনমালে ‘আমি ডামি’ নির্বাচনের পর একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিআই) দ্বিবার্ষিক নির্বাচনে। তবে পতিত স্বৈরাচারের বেশ ক’জন দোসর আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নিয়ে ব্যবসায়ীদের মাঝে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা গেছে, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্র্রির দ্বিবার্ষিক (২০২৬-২৮) নির্বাচনে সভাপতি, সহসভাপতির দু’টি ও পরিচালকের ৯টিসহ ১২টি পদে ২৮ জন প্রার্থীর মাঝে সোমবার (১৫ জুন) প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন পরিচালনা বোর্ড। তফসিল মোতাবেক সোমবার সকাল ১১টায় নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোছা: আছিয়া খাতুন প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এর আগে গত রোববার মনোনয়নপত্র দাখিলকারী সভাপতি প্রার্থী মোজাম্মেল হক ও মাহমুদুর রহমান শিপনসহ ১৬ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

প্রতীক বরাদ্দ প্রাপ্তরা হলেন, সভাপতি পদে দুইজন মো: সেলিম রেজা (ছাতা) ও এমএসএম আতিকুর রহমান বাদল (গোলাপ ফুল) সহসভাপতির দু’টি পদে চারজন হলেন, মো: এরশাদুল বারী এরশাদ (হারিকেন) মো: মামুনুর রশিদ মামুন (মোমবাতি) অ্যাডভোকেট মো: হামিদুল হক চৌধুরী হিরু (আনারস) ও মো: মাহমুদুর রহমান শিপন (খেজুর গাছ)। পরিচালকের ৯টি পদে ২২ জন প্রার্থী হলেন সুমন কুমার শিং, খন্দকার মেজবাউল হক রন্টু, মো: শফিকুল ইসলাম খোকন, এসএম নুর ই আলম সিদ্দিকী পল্লব, শ্রী পরিমল চন্দ্র দাস, শামসুল হক বেনু , মো: শাহীনুর ইসলাম সবুজ, মো: রাসেদুল ইসলাম, মো: আজিুজুর রহমান মিল্টন, মো: মতিউর রহমান, মো: শাহিনুর ইসলাম সবুজ, মো: মাহফুজুল হক, মো: জর্জিস হোসেন, মো: রফিকুল ইসলাম, সৈয়দ সোহেল আহম্মেদ, মো: কায়েস, মো: মহররম আলী, মো: আব্দুল বাছেত, কামাল ইনেনু, এমদাদ আহম্মেদ, মো: রায়হান হক ও মো: মানিক সরকার। নির্বাচনে বিএনপি, নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থক ব্যবসায়ী ও জামায়াত সমর্থক ব্যবসায়ীরা সভাপতি, সহসভাপতি ও পরিচালক পদে প্রার্থী হয়েছেন।

এ দিকে বিএনপি ও জামায়াত সমর্থকদের পাশাপাশি ফ্যাসিস্ট সরকার সমর্থক ব্যবসায়ীরা সভাপতি, সহসভাপতি ও পরিচালক পদে প্রার্থী হওয়ায় ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ জন্য তারা বিএনপি সমর্থক ব্যবসায়ী নেতাদের একাংশকে দায়ী করেছেন।

নাম না প্রকাশের শর্তে একজন পরিচালক প্রার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছু নেতা আওয়ামী ব্যবসায়ীদের পুনর্বাসনের লক্ষ্যে তাদের নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ দিয়েছেন। এতে বিএনপি, জামায়াত ও সাধারণ অনেক ব্যবসায়ী ক্ষুব্ধ। তিনি দোসরদের নির্বাচনে বয়কটের আহ্বান জানান।

নির্বাচন পরিচালনা বোর্ড চেয়ারম্যান মোছা: আছিয়া খাতুন বলেন, আগামী ৫ জুলাই বেলা ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহীদ টিটু মিলনায়তনে মোট ১২টি পদে এক হাজার ৭৭ জন ভোটার ভোট দেবেন। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।