অভ্যন্তরীণ নজরদারি ঠেকাতে পেন্টাগন চুক্তি সংশোধন করছে ওপেনএআই

Printed Edition

এএফপি

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের সাথে করা চুক্তিতে বড় ধরনের সংশোধনী আনার ঘোষণা দিয়েছে ওপেনএআই। তাদের এআই মডেলগুলো যাতে অভ্যন্তরীণ নজরদারিতে ব্যবহার না হয়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। সামরিক কর্মকর্তাদের হাতে এআই’র অবাধ ক্ষমতা দেয়া নিয়ে সমালোচনার মুখে প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত নিয়েছে।

ওপেন এআই’র প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, সংবিধানের চতুর্থ সংশোধনীসহ প্রচলিত আইনের সাথে সঙ্গতি রেখে এআই সিস্টেম ব্যবহার করা হবে। তবে কোনোভাবেই মার্কিন নাগরিক ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে অভ্যন্তরীণ নজরদারির কাজে এটি ব্যবহার করা হবে না। গত শুক্রবার ওপেনএআই পেন্টাগনের এই প্রতিরক্ষা চুক্তিটি সই করে। এর ঠিক কয়েক ঘণ্টা আগেই তাদের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ‘অ্যানথ্রপিক’ তাদের এআই মডেল সামরিক খাতে নিঃশর্ত ব্যবহারের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরপরই সরকারি মহলে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। অ্যানথ্রপিক দাবি করেছিল যে নজরদারি ও স্বায়ত্তশাসিত মারণাস্ত্র তৈরিতে এআই ব্যবহারের বিরুদ্ধে সুরক্ষা গ্যারান্টি দিতে হবে।

স্যাম অল্টম্যান জানিয়েছেন, পেন্টাগন এ সব বিষয়ে ‘প্রযুক্তিগত সুরক্ষা’ দিতে সম্মত হয়েছে। তবে সুরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠায় অল্টম্যান জানান, নীতিগত বিষয়গুলো আরো স্পষ্ট করতে তারা চুক্তিতে পরিবর্তন আনছেন। অল্টম্যান আরো উল্লেখ করেন, নজরদারি ছাড়াও ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিসহ (এনএসএ) কোনো গোয়েন্দা সংস্থা ওপেনএআই’র মডেল ব্যবহার করবে না বলে পেন্টাগন রাজি হয়েছে। তবে তিনি এও স্বীকার করেন যে তাড়াহুড়ো করে চুক্তিটি করা হয়েছে। তিনি বলেন, ‘শুক্রবার চুক্তিটি করার জন্য আমাদের তাড়াহুড়ো করা ঠিক হয়নি।