রেকর্ড গড়া জয় কিউইদের
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
দুই দিন আগে টি-২০ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ১৮৩ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছিল নিউজিল্যান্ড। গতকাল বিনা উইকেটে সর্বোচ্চ ১৭৪ রান তাড়া করে আরো একটি জয়ের রেকর্ড গড়ল তারা। চেন্নাইয়ে সংযুক্ত আরব আমিরাত আগে ব্যাট করে ৬ উইকেটে ১৭৩ রান করেছিল। কিউই দুই ওপেনার টিম সেইফার্ট (৪২ বলে ৮৯*) ও ফিন অ্যালেন (৫০ বলে ৮৪*) হাতে ২৬ বল রেখেই সেই রান টপকে টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় জয় তুলে নেয়।
১৭৫ রানের জুটি টি-২০ বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড়। তাঁরা ভেঙেছেন ২০২২ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের জস বাটলার ও অ্যালেক্স হেলসের গড়া ১৭০ রানের রেকর্ড।
টসে জিতে ব্যাটিং করতে নেমে আরব আমিরাত ১৭৩ রানের সংগ্রহ পায় মূলত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের সৌজন্যে। আন্তর্জাতিক টি-২০তে বরাবরই ধারাবাহিক পারফর্ম করা ওয়াসিমের জন্য এ ইনিংসটি ছিল নিজেকে প্রমাণের। ২০২২ সালের পর সবচেয়ে বেশি রান (৩,১৫৫) এসেছে ওয়াসিমের ব্যাট থেকে। এ সময়ে সবচেয়ে বেশি ১৮৭ ছক্কাও মেরেছেন তিনিই। তবে তা বিশ্বের হিসেবে দ্বিতীয়। তার আগে রয়েছেন ভারতের রোহিত শর্মা।
আগের বিশ্বকাপে তিনটি ম্যাচের মাঝে একটি ফিফটি ছিল নামিবিয়ার বিপক্ষে। গতকাল ৪৫ বলে করলেন অপরাজিত ৬৬। তাকে সঙ্গ দিয়েছেন ৩ নম্বরে নামা আলিশান শরাফু। দু’জন মিলে দ্বিতীয় উইকেটে গড়েছেন ৭৭ বলে ১০৭ রানের জুটি গড়েন, যা টি-২০ বিশ্বকাপে পূর্ণ সদস্য দেশের বিপক্ষে সহযোগী কোনো দেশের জুটির মধ্যে সর্বোচ্চ। শরাফু খেলেছেন ৫৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।
রান তাড়ায় অ্যালেন ও সেইফার্ট পাওয়ারপ্লেতেই প্রায় অর্ধেক রান তুলে ফেলেন। প্রথম ৬ ওভারে দু’জন মিলে করেন ৭৮। প্রতি ২.৭৭ বলে এসেছে একটি করে বাউন্ডারি। মাত্র ২৩ বলে ফিফটি করেন সেইফার্ট, যা টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের যৌথভাবে দ্রুততম ফিফটি। আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও ফিফটি করেছিলেন এই উইকেটকিপার ব্যাটার। অ্যালেন ফিফটি করতে খেলেছেন সেইফার্টের চেয়ে মাত্র চারটি বল বেশি ২৭। দু’জন ১০০ রানের জুটি গড়েন মাত্র ৫১ বলে, আর ১৫০ রান উঠে যায় ৭৯ বলেই।
সংক্ষিপ্ত স্কোর
আরব আমিরাত : ২০ ওভারে ১৭৩/৬ (ওয়াসিম ৬৬*, শরাফু ৫৫; হেনরি ২/৩৭, স্যান্টনার ১/২৩)।
নিউজিল্যান্ড : ১৫.২ ওভারে ১৭৫/০ (সেইফার্ট ৮৯*, অ্যালেন ৮৪*)।
ফল : নিউজিল্যান্ড ১০ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : টিম সেইফার্ট।