ভাঙ্গুড়ায় দোকান ও বাড়িতে ডাকাতি ৪০ ভরি স্বর্ণ লুট
Printed Edition
ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা
পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমণিষা বাজারে গভীর রাতে পাঁচটি সোনার দোকান এবং একটি বাড়িতে সংগঠিত ডাকাতিতে প্রায় ৪০ ভরি স্বর্ণালঙ্কার ও ২০ লাখ টাকার বেশি লুট হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের রতন কর্মকার, তপন কর্মকার, উত্তম কর্মকার, ইউসুফ আলী ও আত্তাব আলীর সোনার দোকানের তালা ভেঙে দুর্বৃত্তরা প্রায় ৩০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ পাঁচ লাখ টাকা লুট করে। এরপর তারা সোনার দোকান মালিক রতন কর্মকারের বাড়িতে ঢুকে তার স্ত্রী ও ছেলে রঞ্জন কর্মকারকে মারধর করে। সেখানে আরো ১০ ভরি স্বর্ণ ও নগদ প্রায় ১৫ লাখ টাকা লুট করে নেয় তারা। রঞ্জন কর্মকার বলেন, রাত আনুমানিক ২টার দিকে আট-নয় জনের একটি দল স্পিডবোটে এসে প্রথমে দোকানগুলোতে ডাকাতি চালায়। পরে তাদের বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও টাকা হাতিয়ে নেয়। ‘মা গহনা খুলতে দেরি করলে তাকে মারধর করে। বাঁধা দিতে গেলে আমাকেও পিটিয়েছে।’ তার দাবি, দুর্বৃত্তদের দু’জনের হাতে আগ্নেয়াস্ত্র এবং বাকিদের হাতে ধারালো অস্ত্র ছিল।
স্থানীয়রা জানান, ডাকাতি শেষে দলটি একই স্পিডবোটে গুমানী নদীর ভাটির দিকে পালিয়ে যায়। ঘটনার পর রাতেই ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘ঘটনার সত্যতা পাওয়া গেছে। কারা জড়িত তা এখনো জানা যায়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রেজিনূর রহমান, সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) মনজুরুল আলম ও পাবনা ডিবি পুলিশের ওসি রাশিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।