ভাঙ্গায় পাঁচ গ্রামের সংঘর্ষে নিহত ১ পুলিশসহ আহত ২০
Printed Edition
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রায় ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে দুইজন গুলিবিদ্ধ। নিহতের খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করলে প্রায় ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত সুমন মোল্লা (২৫) কাপুড়িয়া সদরদী গ্রামের মিলন বাবুর্চির ছেলে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।