চট্টগ্রামে নৌবাহিনীর অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল ধ্বংস

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে চট্টগ্রামের কর্ণফুলী নদী তীরবর্তী এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করেছে। অভিযানকালে প্রায় ৩১২ কোটি টাকা মূল্যের অবৈধ জাল উদ্ধার করা হয় এবং পরে তা ধ্বংস করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রামের কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে মাছ ধরার অবৈধ জাল মজুত করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে রোববার বিকেলে মৎস্য কর্মকর্তাকে সাথে নিয়ে সি হার্টের গোডাউনে যৌথ অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও কোস্টগার্ড। এ সময় গোডাউন তল্লাশি করে ৩২ লাখ ৫০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়। এ ছাড়া ঘটনাস্থলে দীর্ঘ দিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা মালিকানাবিহীন দু’টি ট্রাক থেকেও উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩১২ কোটি টাকা। অভিযান শেষে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।