হেডের সেঞ্চুরিতে নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ার
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডের বোলারদের সামনে ব্যাট হাতে প্রাচীর হয়ে দাঁড়ালেন ট্রাভিস হেড। অবশ্য ব্যক্তিগত ৯৯ রানে জেফরা আর্চারের বলে গালিতে ক্যাচ দিয়ে জীবন পেয়ে দিন শেষে ১৪২ রানে অপরাজিত থাকেন এই ওপেনার। তার সাথে হার না মানা ৫২ রানের ইনিংস অ্যালেক্স ক্যারির। দু’জনের দৃঢ়তায় টেস্টের তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ২৭১ রান করে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নিয়েছে অস্ট্রেলিয়া। ইতোমধ্যে ৩৫৬ রানে এগিয়ে থেকে বড় লিডের পথে ছুটছে স্বাগতিকরা।
অ্যাডিলেডে প্রথম ইনিংসে ৩৭১ রানে থেমেছিল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৮৬ রান করে ইংল্যান্ড। দিনের শুরুটা ভালোই ছিল সফরকারীদের। ৮ উইকেটে ২১৩ রান নিয়ে খেলতে নামা দলকে অনেকটা সময় টানেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার বেন স্টোকস ও জেফরা আর্চার। দিনের তৃতীয় ওভারে ফিফটি স্পর্শ করেন ৪৫ রান নিয়ে ব্যাটিং শুরু করা স্টোকস। মিচেল স্টার্কের বলে স্টোকস বোল্ড হলে ভাঙে আর্চারের সাথে ১০৬ রানের জুটি। ৮টি চারে ১৯৮ বলে ৮৩ রান করেন ইংলিশ অধিনায়ক। ফিফটি স্পর্শ করার পর ব্যক্তিগত স্কোরে ১ রান যোগ করেই সাজঘরে ফেরেন আর্চারও। স্কট বোলান্ডের বলে স্লিপে ধরা পড়লে শেষ হয় সফরকারীদের ইনিংস। তিনটি করে উইকেট নেন প্যাট কামিন্স ও স্কট বোলান্ড।
প্রথম ইনিংসে ৮৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে হতাশা দিয়ে শুরু অস্ট্রেলিয়ার। দলীয় ৮ রানে জ্যাক ওয়েদারল্ডকে হারায় তারা। দলীয় ৫৩ রানে ব্যক্তিগত ১৩ নিয়ে জশ টঙ্গুর বলে সাজঘরে ফেরেন মার্নাস লাবুশেন। উইল জ্যাকসের বলে উইকেটরক্ষক স্মিথের তালুবন্দী হওয়ার আগে ৪০ রান আসে উসমান খাজার ব্যাটে। ১৩৯ রানে তৃতীয় উইকেটের পতন। এবার শুরু হয় ক্যারিকে নিয়ে লড়াই হেডের। অ্যাডিলেডে জন্ম নেয়া হেড টানা চার টেস্টে পেলেন সেঞ্চুরি। হেডের সাথে পঞ্চম উইকেটে ১২২ রানের জুটি গড়েছেন ক্যারি। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ৪টি চারে ৫২ রানে অপরাজিত আছেন। আর ১৯৬ বলের ২ ছক্কা ও ১৩ চারে ১৪২ রানে অপরাজিত হেড। দু’টি উইকেট নেন জশ টঙ্গু।
অ্যাশেজের একই ম্যাচে সেঞ্চুরি ও ফিফটি করা প্রথম কিপার-ব্যাটার ক্যারি। আর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের লড়াইয়ে দুই ইনিংসেই পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলা চতুর্থ উইকেটরক্ষক তিনি।