ধর্মপ্রাণ কোনো ব্যক্তি বিপথগামী হতে পারে না : চবি ভিসি

Printed Edition
3rd-2
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের শীতাতপ নিয়ন্ত্রণ ও আধুনিকায়ন কার্যক্রম শেষে তা উদ্বোধন করেন ভিসি ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার : নয়া দিগন্ত

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেছেন, ধর্মচর্চার জন্য মসজিদ অন্যতম স্থান। আল্লাহর সাথে সম্পর্ক রাখার জন্য মসজিদের গুরুত্ব অপরিসীম। আমরা বিশ্বাস করি, ধর্মপ্রাণ যেকোনো ব্যক্তি বিপথগামী হতে পারে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সবাই ধর্মপ্রাণ হলে ক্যাম্পাসে শান্তির সুবাতাস বয়ে যাবে। পূবালী ব্যাংক পিএলসির সহযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের শীতাতপ নিয়ন্ত্রণ ও আধুনিকায়ন কার্যক্রম শেষে বৃহস্পতিবার দুপুরে উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চবি ভিসি।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন ও চবি রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও চবি আরবি বিভাগের শিক্ষক প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস, চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন, পূবালী ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিস চট্টগ্রামের মহাব্যবস্থাপক মো: আব্দুর রহিম, চট্টগ্রাম উত্তর অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক এ কে এম মাসুদ, হাটহাজারী শাখা প্রধান শওকত-উর-রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপ-শাখা প্রধান রেদওয়ানুল করিম প্রমুখ।

চবি ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, আমরা চাই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক-শিক্ষার্থীসহ সবাই ধর্মপ্রাণ হোক। নিজ নিজ উপাসনালয়ে যাক। ধর্মের প্রতি অনুগত হলে কারো দ্বারা নেতিবাচক কাজ করা সম্ভব নয়। ধর্মপ্রাণ হলে মারামারি থাকবে না, অনিয়ম থাকবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ মসজিদ খুবই গুরুত্বপূর্ণ। এ মসজিদে আধুনিকায়নের কার্যক্রমে সহযোগিতার জন্যে পূবালী ব্যাংক পিএলসিকে অসংখ্য ধন্যবাদ।

উদ্বোধন শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন। এর আগে বেলা ১২.৩০টায় পূবালী ব্যাংক পিএলসির আগত কর্মকর্তারা চবি ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সাথে ভিসির দফতরে সাক্ষাৎ করেন।