গুরুদাসপুরে তরুণদের মুখোমুখি জামায়াত প্রার্থী আব্দুল হাকিম

Printed Edition

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা

‘তরুণদের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, তরুণদের প্রথম ভোট ন্যায়-ইনসাফের পক্ষে হোক’-এ স্লোগানে নাটোরের গুরুদাসপুরে তরুণদের মুখোমুখি হয়ে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: আব্দুল হাকিম।

গতকাল শুক্রবার বিকেলে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর আলিম সিনিয়র মাদরাসা মাঠে লেখক মুঞ্জুরুল হাসান ও ডাক্তার রাশিদুল ইসলাম রাজুর সঞ্চালনায় তরুণদের প্রশ্নের মুখোমুখি করা হয় মাওলানা আব্দুল হাকিমকে। ‘তরুণদের মুখোমুখি আব্দুল হাকিম’ শিরোনামে উপজেলার স্কুল, কলেজ, মাদরাসা, বিশ^বিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীসহ গৃহিণী, শ্রমজীবী নানা শ্রেণিপেশার মানুষের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জামায়াত মনোনীত প্রার্থী মো: আব্দুল হাকিম।

শিক্ষার্থী খালিদ হাসান, রেফাত মোল্লা, সুমাইয়া খাতুন, কাওছার আলী, সিনথিয়া খাতুন, রজব আলী, সিয়াম সরকার, শাকিব আহম্মেদ, তাহিরা খাতুন, মারুফ হোসাইন ও গৃহবধূ স্বপ্না রানী নানান প্রশ্নের সম্মুখীন করেন আব্দুল হাকিমকে। তারা সন্ত্রাস, চাঁদাবাজি, কর্মসংস্থান সৃষ্টি, নারী শিক্ষার বিকাশ, শিক্ষার অনুকূল পরিবেশ, শিশু শ্রম, নিরাপত্তা, পর্যটন কেন্দ্র স্থাপন, সুদমুক্ত ঋণ, কৃষি ও কৃষকদের উন্নয়নসহ উপজেলার বিভিন্ন সমস্যা ও সঙ্কট নিয়ে প্রশ্নের উত্তর দেন মো: আব্দুল হাকিম।