শাকসু নির্বাচন দাবিতে দেয়া স্মারকলিপি থেকে ৪ প্রার্থীর স্বাক্ষর প্রত্যাহার

Printed Edition

শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে নাটকীয় মোড় নিয়েছে। শর্তহীন নির্বাচনের দাবিতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে দেয়া স্মারকলিপি থেকে ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকি ও বিপদের আশঙ্কায় স্বাক্ষর প্রত্যাহারের আবেদন করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীসহ চারজন। গত বুধবার সন্ধ্যায় শাকসু নির্বাচন কমিশনের কাছে তারা পৃথকভাবে এই আবেদনপত্র জমা দেন।

শাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আবুল মুকিত মোহাম্মদ মুকাদ্দেছ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে দুইজন ভিপি প্রার্থীসহ মোট চারজন স্মারকলিপি থেকে তাদের স্বাক্ষর প্রত্যাহারের আবেদন করেছেন। আমরা আবেদনগুলো পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপের জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পাঠিয়ে দিয়েছি।’

স্বাক্ষর প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন- ছাত্রদল সমর্থিত প্যানেল ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’-এর সহসভাপতি (ভিপি) প্রার্থী মুস্তাকিম বিল্লাহ, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক প্রার্থী তাজুল ইসলাম, সদস্য প্রার্থী আফফান এবং স্বতন্ত্র ভিপি প্রার্থী মুমিনুর রশীদ শুভ।

আবেদনপত্রে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মুস্তাকিম বিল্লাহ উল্লেখ করেন, বর্তমান প্রেক্ষাপটে তার মনে হয়েছে এই স্মারকলিপির মাধ্যমে প্রার্থীদের আবার ‘বলির পাঁঠা’ বানানোর অপচেষ্টা করা হচ্ছে।

অন্য দিকে স্বতন্ত্র ভিপি প্রার্থী মুমিনুর রশীদ শুভ তার পত্রে লিখেছেন, তাকে বিপদে ফেলার অপচেষ্টা করা হচ্ছে মনে হওয়ায় তিনি স্বেচ্ছায় স্বাক্ষর প্রত্যাহার করেছেন। এর আগে বুধবার বিকেল ৪টার দিকে ছাত্রদল, ছাত্রশিবির ও স্বতন্ত্র প্রার্থীদের প্যানেলের ভিপি প্রার্থীসহ মোট ৭৬ জন প্রার্থীর স্বাক্ষরসংবলিত একটি স্মারকলিপি শাকসু নির্বাচন কমিশনের কাছে জমা দেয়া হয়েছিল।