কার্যাদেশের ৫ মাস পরও ফেনীতে ২৮ কোটি টাকার কাজ শুরু হয়নি
Printed Edition
ফেনী অফিস
ফেনী শহরের ট্রাংক রোড থেকে মহিপাল পর্যন্ত শহীদ শহীদুল্লা কায়সার সড়কের দুই পাশে ড্রেন ও ফুটপাথ নির্মাণে নেয়া প্রায় ২৮ কোটি টাকার প্রকল্পে কার্যাদেশের পাঁচ মাস পেরিয়ে গেলেও কাজ শুরু হয়নি। এতে ভোগান্তিতে পড়ছেন নগরবাসী এবং প্রকল্প বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘বাংলাদেশ রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (আরইউটিডিপি)-এর অর্থায়নে ২৭ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্প গ্রহণ করা হয়। কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (পিডিএল)। চুক্তি অনুযায়ী ২০২৫ সালের ২৭ অক্টোবর কাজ শুরুর কথা থাকলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। প্রকল্পের কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৩০ জানুয়ারি।
প্রকল্পের আওতায় শহীদ শহীদুল্লা কায়সার সড়কের দুই পাশে ৩ দশমিক ৬৬ কিলোমিটার ড্রেন ও ফুটপাথ নির্মাণের পাশাপাশি বিভিন্ন সংযোগ সড়কে মোট ৬ দশমিক ০৭২ কিলোমিটার ড্রেন ও ফুটপাথ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ৩০০টি স্ট্রিট লাইট স্থাপনের কথাও রয়েছে। ড্রেন ও ফুটপাথের প্রস্থ ৬ থেকে ৭ ফুট নির্ধারণ করা হয়েছে।
পৌরসভা সূত্রে জানা যায়, চলতি বছরের ২৯ জানুয়ারি ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় প্রকল্পটির উদ্বোধন করা হয়। নির্ধারিত সময়ে কাজ শুরু না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে ইতোমধ্যে চিঠি দেয়া হয়েছে।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন বলেন, কাজ বুঝিয়ে দেয়ার পরও কেন কাজ শুরু হয়নি, সে বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানই ব্যাখ্যা দিতে পারবে। বিষয়টি প্রকল্প পরিচালককে অবহিত করা হয়েছে।
এদিকে পিডিএলের প্রকল্প প্রকৌশলী শাহাদাত হোসেন বিলম্বের পেছনে কিছু সমস্যার কথা স্বীকার করলেও বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন।
ফেনী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা জানান, কাজ শুরু না হওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে। কোনো আইনগত জটিলতা বা বাধা থাকলে তা দ্রুত সমাধানের উদ্যোগ নেয়া হবে।