পিরোজপুরে দুধে ডিটারজেন্ট জিলাপিতে হাইড্রোজেন দুই প্রতিষ্ঠানকে জরিমানা
Printed Edition
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর শহরে ভ্রাম্যমাণ খাদ্য নিরাপত্তা পরীক্ষাগারের অভিযানে দুধে ডিটারজেন্ট ও জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের প্রমাণ পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। গত বৃহস্পতিবার দুপুরে শহরের সিইও অফিস এলাকার ‘ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ এবং ‘ফুড প্যালেস’-এ অভিযান চালানো হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ খাদ্য নিরাপত্তা পরীক্ষাগারের তাৎক্ষণিক পরীক্ষায় প্রতিষ্ঠান দু’টিতে এই অনিয়ম ধরা পড়ে।
অভিযান সূত্রে জানা যায়, ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বিক্রি হওয়া দুধের নমুনা পরীক্ষা করে তাতে ডিটারজেন্টের উপস্থিতি পাওয়া যায়। একই সময়ে ফুড প্যালেসের তৈরি জিলাপির নমুনায় হাইড্রোজেন-জাত রাসায়নিকের উপস্থিতি শনাক্ত হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভেজাল খাদ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য আইনের আওতায় মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় শহরের বিভিন্ন মসলা ও দুগ্ধ বিক্রয়কেন্দ্র থেকেও হলুদ, মরিচ ও দুধের নমুনা সংগ্রহ করে তাৎক্ষণিক পরীক্ষা করা হয়।
জেলা খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তা শামীম হোসেন বলেন, দুধে ডিটারজেন্ট মেশানো অত্যন্ত বিপজ্জনক। শিশুস্বাস্থ্যের জন্য এটি আরো ঝুঁকিপূর্ণ। তাই খাদ্যপণ্য কেনার ক্ষেত্রে ভোক্তাদেরকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। সন্দেহজনক খাদ্যপণ্য দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়।
তিনি আরো জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে রমজান মাস ও বিভিন্ন উৎসবকে সামনে রেখে বাজার মনিটরিং আরো জোরদার করা হয়েছে।