কুলাউড়ায় দুই ভাই ও ফটিকছড়িতে শিশু নিহত

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই ভাই এবং চট্টগ্রামের ফটিকছড়িতে বেপরোয়াগতির অটোরিকশার ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।

কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে মারা যান তারা। এর আগে রাত ৮টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের তালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় ব্যবসায়ী মো: গিয়াস উদ্দিন (৫৫) এবং তার চাচাতো ভাই জালাল আহমদ (৪৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলা বাজারের ব্যবসায়ী গিয়াস ও জালাল মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে রাস্তায় থাকা ধানের খড়ের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তারা মারা যান। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা দুর্ঘটনায় দুইজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

ফটিকছড়িতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বেপরোয়া গতির একটি অটোরিকশার ধাক্কায় আব্দুল্লাহ-আল আনাছ নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে নাজিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ডাইনজুড়ি এলাকার বুড়া বিবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর পথচারীরা গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আনাছ হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর এলাকার শাহজাহান মিয়া বাচ্চুর ছেলে। কয়েক দিন আগে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। সেখানেই ঘটে এই দুর্ঘটনা।

শিশুটির মা জানান, বাড়ির সামনে খেলার সময় দ্রুতগতির একটি অটোরিকশা এসে তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।